মক্কা-মদিনার রক্ষক, ফিলিস্তিনের ব্যর্থ অভিভাবক? সৌদি রাজনীতির নির্মম দ্বিচারিতা
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
ইসলামের সবচেয়ে পবিত্র দুই ভূমি মক্কা এবং মদিনা। সারা বিশ্বের শতকোটি মুসলমানের আবেগ, বিশ্বাস এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দু। অতি সম্প্রতি এই পবিত্র নগরীদ্বয়কে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর্যুপরি হামলা বা হামলার অপচেষ্টা কেবল একটি ভূ-রাজনৈতিক সংঘাত নয়; বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে সরাসরি কুঠারাঘাত। ইসলামের অবমাননা এবং পবিত্র ভূমির নিরাপত্তা বিঘিœত করার এই হীন হুতি অপতৎপরতার বিরুদ্ধে কোনো অজুহাত বা রাজনৈতিক সমীকরণ চলতে পারে না। এর তীব্রতম ও কঠোরতম নিন্দা জানানো আজ প্রতিটি বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব।
কিন্তু এই নিন্দার সমান্তরালে আজ এক চরম ও নির্মম সত্যকে আমাদের এড়িয়ে যাওয়ার উপায় নেই। হুতিদের এই ধৃষ্টতার পেছনে যেমন একটি উগ্র ও দায়িত্বজ্ঞানহীন গোষ্ঠী দায়ী, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী সৌদি আরবের দীর্ঘদিনের বিতর্কিত ও আপোসমুখী পররাষ্ট্রনীতি। ইসলামের তথাকথিত ‘রক্ষক’ দাবিদার সৌদি শাসকগোষ্ঠী আজ কার পক্ষে দাঁড়িয়েছে? যে ফিলিস্তিনি ভাই-বোনেরা দশকের পর দশক ধরে ইসরাইলি জায়নবাদীদের আগ্রাসনে নিজেদের রক্ত দিচ্ছে, আল-আকসার পবিত্রতা রক্ষায় জীবন উৎসর্গ করছে তাদের পাশে দাঁড়ানোর ন্যূনতম নৈতিক সাহস কি রিয়াদ দেখাতে পেরেছে?
উত্তরটি অত্যন্ত বেদনাদায়ক এবং পরিষ্কার না।
সৌদি আরব আজ ফিলিস্তিনি মজলুমদের পক্ষ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পর্দার আড়ালের মিত্র ইসরাইলের অক্ষের ক্রীড়নকে পরিণত হয়েছে। ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া রিয়াদের নীতিনির্ধারকদের পা ফেলার উপায় নেই। যে আমেরিকা ও ইসরাইল মধ্যপ্রাচ্যজুড়ে মুসলমানদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে, তাদের সাথে কৌশলগত বন্ধুত্ব টিকিয়ে রাখতে সৌদি আরব আজ এতটাই অন্ধ যে, তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইদের প্রতিরোধ যুদ্ধকে অবমূল্যায়ন করছে। জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে নোংরা খেলা রিয়াদ শুরু করেছিল, তা ফিলিস্তিনিদের পিঠে সরাসরি ছুড়িকাঘাতের শামিল।
একদিকে হুতিদের মতো উগ্রপন্থীরা মক্কা-মদিনার পবিত্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, অন্যদিকে সৌদি প্রশাসন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ইসলাম ও মুসলমানদের চিরশত্রু আমেরিকা-ইসরাইলের তোষামোদি করছে। এই দ্বিচারিতা উম্মাহকে আজ এক গভীর সংকটে ফেলে দিয়েছে। ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান না নিয়ে, জায়নবাদের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে নেতৃত্ব না দিয়ে, সৌদি আরব আজ সাম্রাজ্যবাদীদের সেবাদাসে রূপান্তরিত হয়েছে।
ইতিহাস সাক্ষ্য দেয়, যারা নিজেদের স্বার্থে পবিত্র ভূমির মর্যাদা এবং মজলুমের অধিকার নিয়ে জুয়া খেলে, তাদের পতন অনিবার্য। হুতিদের এই হঠকারী ও জঘন্য হামলার যেমন কঠোরতম বিচার হওয়া প্রয়োজন, তেমনি সৌদি আরবের এই লজ্জাজনক ও আজ্ঞাবহ নীতিরও তীব্র সমালোচনা হওয়া দরকার। রিয়াদকে বুঝতে হবে, আমেরিকা বা ইসরাইল কখনো তাদের প্রকৃত বন্ধু হতে পারে না। যদি তারা সত্যিই মক্কা-মদিনার পবিত্রতা রক্ষা করতে চায়, তবে আগে তাদের ওয়াশিংটন ও তেল আবিবের দাসত্ব থেকে মুক্ত হতে হবে এবং ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। অন্যথায়, ইতিহাসের পাতায় তারা কেবল ‘বিশ্বাসঘাতক’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও সমাজকর্মী





