সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির স্মরণসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির স্মরণসভা

পত্রদূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রভাষক আতাউর রহমান এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আসাদুল ইসলাম।

Ads small one

ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

নিজের অর্থ বিনিয়োগ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙ্গিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ওপেক্স মডেল’। নতুন ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ এই মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও মালিকানা সংরক্ষণের সুযোগও পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্যাপেক্স মডেল’।

গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অধ্যাদেশটি জারি করা হয়। একই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই অধ্যাদেশটি কার্যকর হয়েছে।

কীভাবে নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ মিলবে

অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ। এ ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্যানেল, ইনভার্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে না। এমনকি স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে না।

বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের ভবনের ছাদ বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। এরপর সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ওই প্রতিষ্ঠান। উৎপাদিত বিদ্যুতের একটি নির্ধারিত অংশ গ্রাহক ব্যবহার করবেন। বিদ্যুতের অংশ বা মূল্য কীভাবে সমন্বয় হবে, তা আগেই চুক্তিতে নির্ধারণ করা থাকবে।

অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে। এতে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব অর্থের অভাবে সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব হচ্ছিল না, তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

দুই ধরনের বিনিয়োগ মডেল

অধ্যাদেশে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দুটি মডেল নির্ধারণ করা হয়েছে।

ওপেক্স মডেলে সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবে। গ্রাহক প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবে এবং চুক্তি অনুযায়ী বিদ্যুতের মূল্য বা অংশ সমন্বয় করবে। অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা থাকবে গ্রাহকের হাতে।

সরকার ওপেক্স মডেলকে অগ্রাধিকার দিলেও যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল রয়েছে, অথবা এ ধরনের বিনিয়োগের জন্য নিয়মিত আয় আছে, তারা আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলেও প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।

কোথায় বসানো যাবে সৌরবিদ্যুৎ

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কোম্পানির ভবনের ছাদ, আঙ্গিনা ও উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ছাড়া সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিতেও সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।

ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষির সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ বা অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তিও এ ব্যবস্থার আওতায় আসবে। তবে প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা হবে ৫ মেগাওয়াট। বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতায় পড়বে না।

সেবাদাতা প্রতিষ্ঠান বাছাই হবে প্রতিযোগিতায়

ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য যোগ্য সেবাদাতা প্রতিষ্ঠানের জেলাভিত্তিক তালিকা তৈরি করবে উপযুক্ত কর্তৃপক্ষ। নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেবাদাতা নির্বাচন করবেন গ্রাহক। তবে গ্রাহক চাইলে তালিকার বাইরের প্রতিষ্ঠানকেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করতে পারবেন।

চুক্তিতে নিশ্চিত করতে হবে গ্রাহকের স্বার্থ

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদাতা প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

চুক্তিতে গ্রাহক কতটুকু বিদ্যুৎ পাবেন, অতিরিক্ত বিদ্যুতের মূল্য কীভাবে নির্ধারিত হবে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব কার, যন্ত্রপাতি নষ্ট হলে কে প্রতিস্থাপন করবে এবং চুক্তির মেয়াদ কত দিন হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল সমন্বয়, সার্ভিস চার্জ ও বিল পরিশোধের পদ্ধতিও চুক্তিতে থাকতে হবে।

উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে

নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে প্রচলিত বিধান ও নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।

অধ্যাদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণ করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘‘অধ্যাদেশ জারি করা হয়েছে— এটা একটা ভালো উদ্যোগ সরকারের। তবে সরকারি প্রতিষ্ঠানে এই ‘ওপেক্স মডেল’ যেভাবে কার্যকর হতে পারে বেসরকারি প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে এই মডেল কতটা কার্যকর হবে, সেটা নিয়ে এখনো আমরা সন্দিহান।’’

তিনি বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠান যেমন স্থায়ী জায়গা, সেখানে সব সময় অফিসটার স্থায়িত্ব থাকবে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়িত্ব থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বাসাবাড়িতে বাড়িওয়ালারা অন্য কোম্পানির লোকজনকে নিজেদের ছাদ নিয়মিত ব্যবহার করতে দেবে কি না, তাও প্রশ্ন থেকে যায়। এতে করে বিদেশি বিনিয়োগ আনা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।’’

ভিক্ষা নয়, আত্মমর্যাদার লড়াই: হাতের ওপর ভর দিয়েই জীবন জয় করেছেন অদম্য বায়েজিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ভিক্ষা নয়, আত্মমর্যাদার লড়াই: হাতের ওপর ভর দিয়েই জীবন জয় করেছেন অদম্য বায়েজিদ

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে টিনের বাক্সের মধ্যে ছোট্ট একটি কম্পিউটার দোকান। দোকানের ভেতরে বসা মানুষটির সাথে কথা বললে কিংবা তাঁর কর্মতৎপরতা দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় থাকে না যে তাঁর দুটি পা অচল। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি কখনো কম্পিউটারের কিবোর্ডে অত্যন্ত দ্রুত আঙুল চালিয়ে কাজ করছেন, কখনো আবার হাসিমুখে কথা বলছেন গ্রাহকদের সাথে।
জন্মগত শারীরিক প্রতিবন্ধী, দুই পা অচল হওয়ায় তিনি মূলত তাঁর দুই হাতের ওপর ভর করেই পথ চলেন; এই হাত দুটিই তাঁর চলার প্রধান অবলম্বন, কখনো কখনো প্রয়োজন পড়লে একটু উল্টো হয়েও স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছে যান।  বলছি সাতক্ষীরার কামলনগরের বাসিন্দা মোহাম্মদ বায়েজিদ হাসানের কথা। সমাজের কাছে করুণা কিংবা ভিক্ষাবৃত্তির পথ না মাড়িয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজের হাতে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আজ তিনি সম্পূর্ণ স্বাবলম্বী এক অনন্য চরিত্র।

জন্মগত লড়াই
সাতক্ষীরা সদর উপজেলার কামলননগর গ্রামের খলিলুর রহমান ও ফরিদা রহমান দম্পতির ঘরে জন্ম নেওয়া মোহাম্মদ বায়েজিদ হাসানের জন্ম থেকেই দুই পা স্বাভাবিক ছিল না; দুই পা ছিল দুই ঘাড়ে আর পায়ের বুড়ো আঙুল ছিল পায়ের নলার সাথে মেশানো। জন্মলগ্নে সন্তানের এমন শারীরিক অবস্থা দেখে পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছিল। চারপাশের অনেকে যখন নানা নেতিবাচক কথা বলতেন, তখন তাঁর পিতা খলিলুর রহমান ও মাতা ফরিদা রহমান বিন্দুমাত্র হতাশ হননি। পরম মমতায় ও দৃঢ় বিশ্বাস নিয়ে তারা ছেলেকে আগলে রাখেন।
বায়েজিদকে মানুষের মতো মানুষ করতে তাঁর মা ফরিদা রহমান রেখেছেন অসামান্য অবদান। ক্লাস ফাইভ পর্যন্ত এবং পরবর্তীতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন কোলে করে তাঁকে স্কুলে আনা-নেওয়া করতেন মা। বায়েজিদের চলাচলের সুবিধার জন্য ঢাকায় গিয়ে পঙ্গুদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি দেখে আসেন এবং বাড়িতে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে তাঁকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান।

আজকের বায়জিদ হয়ে উঠার পিছনে মায়ের অসামান্য সংগ্রাম ও আত্মত্যাগ
ফরিদা রহমান বলেন, ক্লাস ফাইভ পর্যন্ত এবং ক্লাস এইট পর্যন্ত ওরে কোলে করে আনা-নেওয়াই করতাম আমি। ছেলের চলাচলের পথ সুগম করতে মা ফরিদা রহমান ঢাকায় গিয়ে পঙ্গু ব্যক্তিদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি স্বচক্ষে দেখে আসেন। বাড়িতে ফিরে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে বায়েজিদকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান তিনি। সমাজের মানুষের নানা কটূক্তি ও নিরাশ করার চেষ্টার জবাবে মা সবসময় বলতেন লেখাপড়া করে কী হবে? তবুও সমাজের সে একজন হবে, তার নিজস্ব পরিচয় ও পরিচিতি থাকবে।” মায়ের এই বুকভরা সাহস আর অদম্য জেদই বায়েজিদকে আজকের এই উচ্চতায় নিয়ে এসেছে।

শিক্ষাজীবন ও অদম্য অধ্যবসায়
শারীরিক প্রতিবন্ধকতা বায়েজিদের শিক্ষার পথে কখনো বাধা হতে পারেনি। কঠোর অধ্যবসায় ও মেধার জোরে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একে একে সফলভাবে পেরিয়ে আসেন: ১৯৯৭ সালে এসএসসি, ২০০০ সালে এইচএসসি, ২০০৩ সালে স্নাতক (অনার্স) এবং ২০০৬ সালে খুলনার ব্রজলাল (বিএল) কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন।
শিক্ষার গুরুত্ব সম্পর্কে বায়েজিদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা কার জন্য বলা জানি না, তবে আমার মনে হয় এই কথাটা একান্তভাবেই আমার জন্য বলা।

কর্মসংস্থান ও আত্মমর্যাদার লড়াই
উচ্চশিক্ষা অর্জনের পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে বসে থাকেননি বায়েজিদ। ২০০৮ সালের দিকে তিনি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবিকার নতুন পথ বেছে নেন। শুরুতে ভ্যানগাড়িতে কম্পিউটার বসিয়ে বিভিন্ন সেবা দেওয়া শুরু করলেও বর্তমানে সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে একটি ছোট্ট দোকান দিয়ে তিনি তাঁর কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে তাঁর দোকানে সাধারণ কম্পোজ, প্রিন্ট, বিপিএসসি ফর্ম পূরণ, ই-জিডিপি বা ই-টেন্ডার সাবমিট, পাসপোর্ট ও ভিসা ফর্ম পূরণ, ল্যান্ড মিউটেশন এবং ই-ট্যাক্স বা ভ্যাটের ই-রিটার্ন সাবমিটের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে থাকেন। কম্পিউটারে তাঁর কাজের গতি ও হাতের স্পিড দেখে যে কেউ মুগ্ধ হন।

তিনি আরো বলেন, পা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু মাথা বা মেধা তো প্রতিবন্ধী নয়। সরকারের সর্বোচ্চ সার্টিফিকেট থাকার পরও আমি কি তবে ভিক্ষা করে বেড়াবো? তাঁর এই জীবনসংগ্রাম আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের স্বপ্নের শেষ সীমানা হতে পারে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারেন।