সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ভিক্ষা নয়, আত্মমর্যাদার লড়াই: হাতের ওপর ভর দিয়েই জীবন জয় করেছেন অদম্য বায়েজিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ভিক্ষা নয়, আত্মমর্যাদার লড়াই: হাতের ওপর ভর দিয়েই জীবন জয় করেছেন অদম্য বায়েজিদ

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে টিনের বাক্সের মধ্যে ছোট্ট একটি কম্পিউটার দোকান। দোকানের ভেতরে বসা মানুষটির সাথে কথা বললে কিংবা তাঁর কর্মতৎপরতা দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় থাকে না যে তাঁর দুটি পা অচল। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি কখনো কম্পিউটারের কিবোর্ডে অত্যন্ত দ্রুত আঙুল চালিয়ে কাজ করছেন, কখনো আবার হাসিমুখে কথা বলছেন গ্রাহকদের সাথে।
জন্মগত শারীরিক প্রতিবন্ধী, দুই পা অচল হওয়ায় তিনি মূলত তাঁর দুই হাতের ওপর ভর করেই পথ চলেন; এই হাত দুটিই তাঁর চলার প্রধান অবলম্বন, কখনো কখনো প্রয়োজন পড়লে একটু উল্টো হয়েও স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছে যান।  বলছি সাতক্ষীরার কামলনগরের বাসিন্দা মোহাম্মদ বায়েজিদ হাসানের কথা। সমাজের কাছে করুণা কিংবা ভিক্ষাবৃত্তির পথ না মাড়িয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজের হাতে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আজ তিনি সম্পূর্ণ স্বাবলম্বী এক অনন্য চরিত্র।

জন্মগত লড়াই
সাতক্ষীরা সদর উপজেলার কামলননগর গ্রামের খলিলুর রহমান ও ফরিদা রহমান দম্পতির ঘরে জন্ম নেওয়া মোহাম্মদ বায়েজিদ হাসানের জন্ম থেকেই দুই পা স্বাভাবিক ছিল না; দুই পা ছিল দুই ঘাড়ে আর পায়ের বুড়ো আঙুল ছিল পায়ের নলার সাথে মেশানো। জন্মলগ্নে সন্তানের এমন শারীরিক অবস্থা দেখে পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছিল। চারপাশের অনেকে যখন নানা নেতিবাচক কথা বলতেন, তখন তাঁর পিতা খলিলুর রহমান ও মাতা ফরিদা রহমান বিন্দুমাত্র হতাশ হননি। পরম মমতায় ও দৃঢ় বিশ্বাস নিয়ে তারা ছেলেকে আগলে রাখেন।
বায়েজিদকে মানুষের মতো মানুষ করতে তাঁর মা ফরিদা রহমান রেখেছেন অসামান্য অবদান। ক্লাস ফাইভ পর্যন্ত এবং পরবর্তীতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন কোলে করে তাঁকে স্কুলে আনা-নেওয়া করতেন মা। বায়েজিদের চলাচলের সুবিধার জন্য ঢাকায় গিয়ে পঙ্গুদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি দেখে আসেন এবং বাড়িতে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে তাঁকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান।

আজকের বায়জিদ হয়ে উঠার পিছনে মায়ের অসামান্য সংগ্রাম ও আত্মত্যাগ
ফরিদা রহমান বলেন, ক্লাস ফাইভ পর্যন্ত এবং ক্লাস এইট পর্যন্ত ওরে কোলে করে আনা-নেওয়াই করতাম আমি। ছেলের চলাচলের পথ সুগম করতে মা ফরিদা রহমান ঢাকায় গিয়ে পঙ্গু ব্যক্তিদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি স্বচক্ষে দেখে আসেন। বাড়িতে ফিরে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে বায়েজিদকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান তিনি। সমাজের মানুষের নানা কটূক্তি ও নিরাশ করার চেষ্টার জবাবে মা সবসময় বলতেন লেখাপড়া করে কী হবে? তবুও সমাজের সে একজন হবে, তার নিজস্ব পরিচয় ও পরিচিতি থাকবে।” মায়ের এই বুকভরা সাহস আর অদম্য জেদই বায়েজিদকে আজকের এই উচ্চতায় নিয়ে এসেছে।

শিক্ষাজীবন ও অদম্য অধ্যবসায়
শারীরিক প্রতিবন্ধকতা বায়েজিদের শিক্ষার পথে কখনো বাধা হতে পারেনি। কঠোর অধ্যবসায় ও মেধার জোরে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একে একে সফলভাবে পেরিয়ে আসেন: ১৯৯৭ সালে এসএসসি, ২০০০ সালে এইচএসসি, ২০০৩ সালে স্নাতক (অনার্স) এবং ২০০৬ সালে খুলনার ব্রজলাল (বিএল) কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন।
শিক্ষার গুরুত্ব সম্পর্কে বায়েজিদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা কার জন্য বলা জানি না, তবে আমার মনে হয় এই কথাটা একান্তভাবেই আমার জন্য বলা।

কর্মসংস্থান ও আত্মমর্যাদার লড়াই
উচ্চশিক্ষা অর্জনের পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে বসে থাকেননি বায়েজিদ। ২০০৮ সালের দিকে তিনি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবিকার নতুন পথ বেছে নেন। শুরুতে ভ্যানগাড়িতে কম্পিউটার বসিয়ে বিভিন্ন সেবা দেওয়া শুরু করলেও বর্তমানে সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে একটি ছোট্ট দোকান দিয়ে তিনি তাঁর কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে তাঁর দোকানে সাধারণ কম্পোজ, প্রিন্ট, বিপিএসসি ফর্ম পূরণ, ই-জিডিপি বা ই-টেন্ডার সাবমিট, পাসপোর্ট ও ভিসা ফর্ম পূরণ, ল্যান্ড মিউটেশন এবং ই-ট্যাক্স বা ভ্যাটের ই-রিটার্ন সাবমিটের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে থাকেন। কম্পিউটারে তাঁর কাজের গতি ও হাতের স্পিড দেখে যে কেউ মুগ্ধ হন।

তিনি আরো বলেন, পা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু মাথা বা মেধা তো প্রতিবন্ধী নয়। সরকারের সর্বোচ্চ সার্টিফিকেট থাকার পরও আমি কি তবে ভিক্ষা করে বেড়াবো? তাঁর এই জীবনসংগ্রাম আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের স্বপ্নের শেষ সীমানা হতে পারে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারেন।

Ads small one

পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত আচরণের ঘটনায় মন্তব্য করেছেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর জন্য যেমন অনুচিত, তেমনি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পিকার জানান, বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।

এর আগে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।