সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

নিজের অর্থ বিনিয়োগ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙ্গিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ওপেক্স মডেল’। নতুন ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ এই মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও মালিকানা সংরক্ষণের সুযোগও পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্যাপেক্স মডেল’।

গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অধ্যাদেশটি জারি করা হয়। একই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই অধ্যাদেশটি কার্যকর হয়েছে।

কীভাবে নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ মিলবে

অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ। এ ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্যানেল, ইনভার্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে না। এমনকি স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে না।

বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের ভবনের ছাদ বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। এরপর সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ওই প্রতিষ্ঠান। উৎপাদিত বিদ্যুতের একটি নির্ধারিত অংশ গ্রাহক ব্যবহার করবেন। বিদ্যুতের অংশ বা মূল্য কীভাবে সমন্বয় হবে, তা আগেই চুক্তিতে নির্ধারণ করা থাকবে।

অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে। এতে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব অর্থের অভাবে সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব হচ্ছিল না, তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

দুই ধরনের বিনিয়োগ মডেল

অধ্যাদেশে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দুটি মডেল নির্ধারণ করা হয়েছে।

ওপেক্স মডেলে সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবে। গ্রাহক প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবে এবং চুক্তি অনুযায়ী বিদ্যুতের মূল্য বা অংশ সমন্বয় করবে। অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা থাকবে গ্রাহকের হাতে।

সরকার ওপেক্স মডেলকে অগ্রাধিকার দিলেও যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল রয়েছে, অথবা এ ধরনের বিনিয়োগের জন্য নিয়মিত আয় আছে, তারা আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলেও প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।

কোথায় বসানো যাবে সৌরবিদ্যুৎ

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কোম্পানির ভবনের ছাদ, আঙ্গিনা ও উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। এ ছাড়া সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিতেও সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।

ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষির সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ বা অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তিও এ ব্যবস্থার আওতায় আসবে। তবে প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা হবে ৫ মেগাওয়াট। বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতায় পড়বে না।

সেবাদাতা প্রতিষ্ঠান বাছাই হবে প্রতিযোগিতায়

ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য যোগ্য সেবাদাতা প্রতিষ্ঠানের জেলাভিত্তিক তালিকা তৈরি করবে উপযুক্ত কর্তৃপক্ষ। নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেবাদাতা নির্বাচন করবেন গ্রাহক। তবে গ্রাহক চাইলে তালিকার বাইরের প্রতিষ্ঠানকেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করতে পারবেন।

চুক্তিতে নিশ্চিত করতে হবে গ্রাহকের স্বার্থ

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদাতা প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

চুক্তিতে গ্রাহক কতটুকু বিদ্যুৎ পাবেন, অতিরিক্ত বিদ্যুতের মূল্য কীভাবে নির্ধারিত হবে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব কার, যন্ত্রপাতি নষ্ট হলে কে প্রতিস্থাপন করবে এবং চুক্তির মেয়াদ কত দিন হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল সমন্বয়, সার্ভিস চার্জ ও বিল পরিশোধের পদ্ধতিও চুক্তিতে থাকতে হবে।

উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে

নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে প্রচলিত বিধান ও নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।

অধ্যাদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণ করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘‘অধ্যাদেশ জারি করা হয়েছে— এটা একটা ভালো উদ্যোগ সরকারের। তবে সরকারি প্রতিষ্ঠানে এই ‘ওপেক্স মডেল’ যেভাবে কার্যকর হতে পারে বেসরকারি প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে এই মডেল কতটা কার্যকর হবে, সেটা নিয়ে এখনো আমরা সন্দিহান।’’

তিনি বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠান যেমন স্থায়ী জায়গা, সেখানে সব সময় অফিসটার স্থায়িত্ব থাকবে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়িত্ব থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বাসাবাড়িতে বাড়িওয়ালারা অন্য কোম্পানির লোকজনকে নিজেদের ছাদ নিয়মিত ব্যবহার করতে দেবে কি না, তাও প্রশ্ন থেকে যায়। এতে করে বিদেশি বিনিয়োগ আনা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।’’

Ads small one

পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত আচরণের ঘটনায় মন্তব্য করেছেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর জন্য যেমন অনুচিত, তেমনি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।

স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পিকার জানান, বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।

এর আগে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।