বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়নের আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়নের আহ্বান

সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, জবাবদিহি নিশ্চিত করা এবং সমন্বিত সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় সড়ক নিরাপত্তা আইন এবং সেইফ সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন অত্যন্ত জরুরি। আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনতে হবে। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক ব্যবহারকারী সবার সম্মিলিত দায়িত্ব।”

অন্যদিকে, সেইফ সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে সেশন পরিচালনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগসহ নানা বিষয় জড়িত থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো মানুষের ভুলের সম্ভাবনাকে বিবেচনায় রেখে এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো ভুলের কারণে যেন মানুষের জীবনহানি না ঘটে। এ জন্য নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। তরুণদেরও সড়ক নিরাপত্তা আন্দোলনে সম্পৃক্ত হয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।

কর্মশালায় বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এ সময় তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তরুণদের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বাঁচতে চান মো. আবু সিদ্দিক, ক্যানসার চিকিৎসায় প্রয়োজন মানবিক সহযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
বাঁচতে চান মো. আবু সিদ্দিক, ক্যানসার চিকিৎসায় প্রয়োজন মানবিক সহযোগিতা

0-0x0-0-0#

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন পঞ্চাশোর্ধ্ব মো. আবু সিদ্দিক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংকটে পড়েছেন তিনি। তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চয় ও সহায়-সম্বল ব্যয় হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।

অসহায় পরিবারটি সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা করতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল): ০১৭৫১৬৮৪৭০৫।

জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৯৪৮২৩৭১৩।

রোগীর নাম: মো. আবু সিদ্দিক।

ঠিকানা: পাঁচরখী পূর্বপাড়া, ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে অসুস্থ মো. আবু সিদ্দিকের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও আইনি অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে অধিকারের নেটওয়ার্ক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও আইনি অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে অধিকারের নেটওয়ার্ক সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং শক্তিশালী মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আল বারাকা পিজ্জা মিলানোর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অধিকারের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী শাহ জাহান আলীর সঞ্চালনায় সভায় সীমান্তে বিএসএফের গুলিতে আহত ব্যক্তি, বিভিন্ন সময়ে গুম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়া শিক্ষক, আইনজীবী, জেলার মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা অতীতে ঘটে যাওয়া নির্যাতন, হয়রানি এবং বর্তমানে মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা চালাতে না পারা শিক্ষার্থী কিংবা গুম-খুনের শিকার পরিবার ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের প্রতিটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উত্তরণের পথ খোঁজার চেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষের জীবন বদলে দিতে পারে এমন উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং শিল্প পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগান সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞানবিষয়ক উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে।

বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।