পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা চালাতে না পারা শিক্ষার্থী কিংবা গুম-খুনের শিকার পরিবার ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের প্রতিটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উত্তরণের পথ খোঁজার চেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষের জীবন বদলে দিতে পারে এমন উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং শিল্প পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগান সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞানবিষয়ক উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে।
বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।