তালায় গ্রাম আদালতবিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
সংবাদদাতা: তালা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় তালা উপজেলার সব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালা উপজেলার গ্রাম আদালতের ইউনিয়নভিত্তিক মামলার তথ্য ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ। সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।









