রেফারির সিদ্ধান্ত ঘিরে পাঁচানিতে গাদন খেলায় সংঘর্ষ, আহত কয়েকজন
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬-এর খেলাকে কেন্দ্র করে দর্শক ও স্থানীয়দের সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। এতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মাঠের বাইরে থাকা এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিস্থিতি মীমাংসার জন্য আয়োজকদের মাঠে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে টুর্নামেন্ট আয়োজক পাঁচানি সম্মিলিত যুব কমিটির সহসভাপতি মো. আবু জাফর মোল্লার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আয়োজক কমিটির কয়েকজন সদস্য মঞ্চ থেকে নেমে দর্শক ও স্থানীয়দের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
রইচপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাহ সিয়াম অভিযোগ করেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলার সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়টি সমাধানের অনুরোধ জানালে আয়োজক কমিটির সহসভাপতি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে কমিটির কয়েকজন সদস্য চেয়ার ও হাত দিয়ে দর্শক-স্থানীয়দের মারধর করেন। এতে তিনি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বোরহান, মাহবুবার, কিবরিয়া ও ইমরান হোসেনসহ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে বোরহান ও মাহবুবার বেশি আঘাত পেয়েছেন বলে দাবি করা হয়।
স্থানীয় বোরহান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও মারধরের শিকার হন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অভিযোগ, রেফারির সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা দেখা দিলে তিনি কয়েকবার মাঠে গিয়ে বিষয়টি মীমাংসার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আয়োজক কমিটির সদস্যরা তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা স্থানীয়দেরও মারধর করেন।
অভিযোগের বিষয়ে আয়োজক কমিটির সহসভাপতি মো. আবু জাফর মোল্লা বলেন, রেফারির সিদ্ধান্ত ও কথাকাটাকাটি নিয়ে ভুল বোঝাবুঝি এবং ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের মারামারি হয়নি। নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
কমিটির সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহীন হোসেন বলেন, ঘটনার জন্য উভয় পক্ষের দায় রয়েছে। কমিটির সদস্যরা মঞ্চ থেকে নিচে নেমেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বিষয়টি নিয়ে বেশি লেখালেখির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পাঁচানির ঘটনাটি তাঁর জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









