শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতেও তলানিতেই পাকিস্তান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
সিরিজ জিতেও তলানিতেই পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। তবে এই সাফল্যেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার তলানি থেকে উঠতে পারেনি তারা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। ১৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। আজান আওয়াইস ও আমের জামালের ব্যাটে সহজ জয় পায় স্বাগতিকরা।

এই জয়ের পরও ডব্লিউটিসির চলমান চক্রে পাকিস্তানের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ১১ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে নিচে রয়েছে তারা। অন্যদিকে ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা।

২০২৪ সালে ইংল্যান্ডকে হারানোর পর এটিই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়। নতুন করে সাজানো দল নিয়ে পাওয়া এই সাফল্য নিঃসন্দেহে স্বস্তি দেবে পাকিস্তানকে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতির জন্য সামনে আরও ভালো ফল প্রয়োজন।

ম্যাচের চতুর্থ ইনিংসে ৯০ রানের লক্ষ্য তাড়ায় আজান আওয়াইস ৩৬ বলে ৩২ রান করেন। অন্যদিকে আমের জামাল ২২ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শুরুর দিকে দুটি উইকেট হারালেও জয়ের পথে কোনও সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানকে।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৫৩, সোনাল দিনুশা ৫৪ ও মিলান রত্নায়েকে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাতে পাকিস্তানের সামনে ৯০ রানের লক্ষ্য দাঁড়ায়।

প্রথম ইনিংসে অবশ্য বড় ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩২৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এতে ২২৭ রানের লিড পায় তারা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

সিরিজ জয় পাকিস্তানের জন্য বড় স্বস্তির হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতে থাকাটা তাদের জন্য এখনও বড় দুশ্চিন্তার বিষয়।

Ads small one

টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলোঅগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ওই দিন দুই বোন পিহু কুমাবত ও দিব্যাংশী বাড়িতে একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ অবস্থায় ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরে দিব্যাংশী।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’ দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় প্রথমবার মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে।
২০২৪ সালের শেষে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য ছবির মুক্তির সূচির কারণে এতদিন আটকে ছিল এটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

বিদেশনির্ভর প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একক মা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে, যিনি একাই নিজের মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো থাকলেও হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় বদলে যায় দুজনের জীবন এবং সামনে আসে অতীতের নানা সত্য। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে; বয়ঃসন্ধিকালে থাকা এক মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াই ফুটে উঠবে ছবিতে।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়ার পর বড় পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।