বৈরী আবহাওয়ার মধ্যেই দুবলার চরে রাস উৎসবে যাত্রা শুরু
এম এ হালিম ও প্রকাশ ঘোষ বিধান, উপকূলীয় অঞ্চল ও পাইকগাছা (খুলনা):
সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে বৈরী আবহাওয়ার মধ্যেই যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকলেও উৎসবকে ঘিরে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাস উৎসব চলবে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরে পূজা ও পুণ্যস্নানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শনিবার সকালে খুলনার পাইকগাছা থেকেও পুণ্যার্থীরা ট্রলারে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর দিনের ভাটায় নির্ধারিত নৌযানে দুবলার চরের উদ্দেশে যাত্রা করতে হবে। ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। বৈরী আবহাওয়ার কারণে শুরুতে পুণ্যার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও নির্ধারিত সময়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া কোথাও থামা এবং রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিটি নৌযানে যাত্রীর সংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক। পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা অনুলিপি কিংবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ সঙ্গে রাখতে হবে। দুবলার চরের আলোরকোল নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে রিপোর্ট করতে হবে। সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে বন বিভাগের অনুমতি নিতে হবে।
সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রয়েছে। এবারও শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের পূজা ও পুণ্যস্নানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে; সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার, আতশবাজি, আগ্নেয়াস্ত্র ও শিকারের সরঞ্জাম বহন নিষিদ্ধ করা হয়েছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, রাস উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সবাইকে বন বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তিনি পুণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ও বন বিভাগের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
বৈরী আবহাওয়ার মধ্যেও রাস উৎসবকে ঘিরে উপকূলীয় জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব উদযাপনের পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছে বন বিভাগ।









