আশাশুনির খাজরায় কিশোরীদের পুষ্টি মেলা ও বিতর্ক প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়। মূলত কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন।
মেলায় খাজরা ইউনিয়নের পিরোজপুর, দুর্গাপুর, গোয়ালডাঙ্গা ও রাউতাড়াসহ বিভিন্ন গ্রামের কিশোরী ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ ও নাচ-গান। তবে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বাল্যবিবাহের পক্ষে-বিপক্ষে কিশোরীদের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে অংশ নিয়ে কিশোরীরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও এর সামাজিক কুফলগুলো যুক্তি দিয়ে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক পুষ্টির বিকল্প নেই। এই ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াকুব আলী ও রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, ম্যানেজার শফিকুল ইসলাম এবং এরিয়া ম্যানেজার বিপ্লব দেবনাথ। মেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার সুরুজ আলী ও শেখ ওসমান আলী।
দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী কিশোরীরা জানায়, পুষ্টি মেলায় এসে তারা খাদ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছে।









