বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রাজনীতির মাঠে নামলেন পরমব্রত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
রাজনীতির মাঠে নামলেন পরমব্রত

ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্যে ভোটের লড়াই শুরু হওয়ার মধ্যেই দ্বিতীয় দফার নির্বাচনের আগে নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত এক জনসভায় উপস্থিত হন তিনি। চক দিগনগর হাই স্কুল মাঠে আয়োজিত সভায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া। দুই তারকাকে দেখতে এদিন সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরমব্রত জানান, এই জনসভাই তার রাজনৈতিক সফরের আনুষ্ঠানিক সূচনা। তার মতে, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি আত্মপরিচয় ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম। বিশেষ করে নারী নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গকে ছোট করার চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি।

পরমব্রত জানান, ব্যস্ততা থাকা সত্ত্বেও রাজ্যের স্বার্থে তিনি প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক ভোটার তালিকা বিতর্ক নিয়েও কথা বলেন এই অভিনেতা। বৈধ ভোটারদের নাম বাদ পড়া বা হয়রানির অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

নিজে প্রার্থী না হলেও নির্বাচনী প্রচারে পরমব্রতর সরব উপস্থিতি রাজ্যের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Ads small one

আশাশুনিতে গভীর রাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে গভীর রাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার রামনগর গ্রামে গভীর রাতে চুরির চেষ্টার অভিযোগে একজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন বাড়ির লোকজন। এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রামনগর গ্রামের কামরুল সরদার। রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর ভাইপো শাকিবুল হাসান ও তাওহিদ ঘরের কলাপসিবল গেটের তালা ভাঙার শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, দুই-তিনজন ব্যক্তি বারান্দায় ঢুকে মালামাল নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়রা উপজেলার লোকা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আরিফুল ইসলামকে উদ্ধার করে। এ সময় একটি সেলাইরেঞ্জ ও পেরেক তোলার লোহার শাবল উদ্ধার করা হয়। আহত আরিফুলকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী কামরুল ইসলাম।

খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এ সময় নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানিসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে উত্তোলন করা বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপরিদর্শক সনজিত ছাড়াও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, শিক্ষা সম্পাদক আরিফুর রহমান এবং উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ইজারা না থাকলেও আব্দুর রহমান বাবু ও যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও সুধীজনেরা নদীভাঙনের আশঙ্কা জানিয়ে প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করা হয়।

এ সময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ করে সেগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

 

শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

নিজস্ব প্রতিনিধি: শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পারিবারিক অর্থায়নে মিড ডে মিল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় রয়েছে খিচুড়ি ও মুরগির মাংসসহ বিভিন্ন পদ।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষিকা শামসুন্নাহার, ছাবিরা আক্তার, জামিলা খাতুন, হাফিজা খাতুন এবং দপ্তরি-কাম-প্রহরী আলামিন ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মিড ডে মিল চালুর আগে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল ৬০ থেকে ৬৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ শতাংশের বেশি হয়েছে। একই সঙ্গে কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

মিড ডে মিলের অর্থায়নে সহযোগিতা করছেন প্রধান শিক্ষক সানজিনা শাহনাজের বড় ভাই ডা. মেহেদী নেওয়াজ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ ও অর্থোপেডিক সার্জন। বর্তমানে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, খাবারের প্রতি আকর্ষণ বাড়ায় শিশুরা এখন নিয়মিত বিদ্যালয়ে আসছে। পাশাপাশি শ্রেণিকক্ষে তাদের মনোযোগ ও অংশগ্রহণও বেড়েছে।

প্রধান শিক্ষক সানজিনা শাহনাজ বলেন, শিক্ষার্থীদের শুধু খাবার দেওয়া নয়, বরং তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা, পড়াশোনায় আগ্রহী করা এবং সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের পরিকল্পনা রয়েছে। প্রধান শিক্ষকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা।