শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

আজ বুদ্ধ পূর্ণিমা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
আজ বুদ্ধ পূর্ণিমা

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ শুক্রবার (১ মে)। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহামতি বুদ্ধ আজীবন একটি সৌহার্দ্যময় ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রয়াস চালিয়েছেন। ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজে শান্তির জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও সংঘাতময় বিশ্বে যুদ্ধ-বিগ্রহ, ধর্ম-বর্ণ-জাতিগত হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। গৌতম বুদ্ধের শিক্ষা শান্তি, সহনশীলতা, মৈত্রী, করুণা ও অহিংসার চিরন্তন বাণী বহন করে। বর্তমান বিশ্বে যখন সংঘাত, বিদ্বেষ ও অসহিষ্ণুতা নানা সংকট সৃষ্টি করছে, তখন গৌতম বুদ্ধের সহমর্মিতা, মানবিকতা ও শান্তির বাণী আমাদের জন্য গভীর প্রেরণা হয়ে উঠতে পারে।

গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ– এই স্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলো বিশেষ প্রতিবেদন প্রকাশ করবে এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

সাধারণত দেশজুড়ে বিহারগুলোর চূড়ায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভোরবেলায় ত্রিপিটকের পবিত্র শ্লোক পাঠের মাধ্যমে এই উৎসব শুরু হয়।

বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন (বিবিএফ) মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একটি আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, বরগুনা, রংপুর ও সিলেটের বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলেও বুদ্ধ পূর্ণিমা পালিত হবে।

Ads small one

সাতক্ষীরায় ‘সাংবাদিকতার আড়ালে’ চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘সাংবাদিকতার আড়ালে’ চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসার অভিযোগে এবং চিহ্নিত চাঁদাবাজ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাটকেলঘাটা এলাকায় তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ও শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ ব্যক্তি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো সে গ্রেপ্তার এড়াচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তারা একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজের ম্যানেজার প্রভাস রায় ও হিসাবরক্ষক আরিফুজ্জামান সিংহ। এছাড়া সুব্রত সরকার, সামাদ, মলয়, মোখলেছুর রহমান ও শাহীনসহ স্থানীয় অনেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি ফেসবুক পেজ খুলে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে।

সমাবেশ শেষে বক্তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার দুপুরে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ুন কবির।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহিন।

 

অনুষ্ঠানে এ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাংবাদিক আরিফ মাহমুদ, কাজী মহিদ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সাবেক সভাপতি মজনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাব্বি, মো. হাসান, মো. জাকির হোসেন, ওহিদুজ্জামান ওহিদ, আকবর আলী, মহিদুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

 

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকাযুল ইলমী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মতিউর রহমান।

 

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

 

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গামন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত তিন থেকে চার দিন ধরে বেতাগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে উপজেলার কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে তারা মানবিক কারণে তাকে মন্দিরের বারান্দায় সিমেন্টের বস্তার ওপর মাথা দিয়ে শুইয়ে রাখেন। শুক্রবার সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।