রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হরমুজ দিয়ে ২৪ ঘণ্টায় পার হওয়া জাহাজের সংখ্যা জানালো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
হরমুজ দিয়ে ২৪ ঘণ্টায় পার হওয়া জাহাজের সংখ্যা জানালো ইরান

ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩টি জাহাজ পার হয়েছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং তাদের অনুমতি নেওয়ার পরই জাহাজগুলো এই জলসীমা অতিক্রম করে।

রবিবার আইআরজিসির সংবাদমাধ্যম সেপাহ নিউজ-এ প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পার হওয়া এই যানগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার এবং বাণিজ্যিক ও কনটেইনারবাহী জাহাজ রয়েছে। আইআরজিসির বাহিনীগুলোর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার পর জাহাজগুলো এই প্রণালি অতিক্রম করে।

আইআরজিসির নৌবাহিনী আরও জানিয়েছে, ইরানের ওপর মার্কিন ‘আগ্রাসনের’ পর এই নৌপথে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তারা এখন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে হরমুজ প্রণালির ওপর ‘স্মার্ট নিয়ন্ত্রণ’ বজায় রাখছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে মোট ১১৭টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। আইআরজিসির নৌবাহিনী আবারও জোর দিয়ে বলেছে যে, এই প্রণালি দিয়ে যেকোনও জাহাজের যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই তাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের অনুমোদন নিতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান এই প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করে। সে সময় থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপদ যাতায়াত বন্ধ বা নিষিদ্ধ করে দেয় তেহরান।

এর জবাবে যুক্তরাষ্ট্রও এই প্রণালিতে একটি নৌ অবরোধ আরোপ করেছে, যার ফলে ইরানের বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া বা সেখানে আসা জাহাজগুলোর এই জলপথ দিয়ে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র: সিনহুয়া

Ads small one

প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবুলাল, শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবুলাল, শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রী। একই সাথে উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ৯১ নম্বর খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের তালিকায় অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেনÑশ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মো. আমিনুর রহমান (১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নাসরিন আক্তার (৯১ নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
এছাড়া শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহীন হোসেন, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মো. সুমন আহমেদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) সেলিনা খাতুন এবং শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে মো. খায়রুল আলম নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক জানান, সরকারি নিয়মানুযায়ী গঠিত কমিটির চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

আইলার ১৬ বছর: লোনা পানি আর স্বজন হারানোর ক্ষত আজও শুকায়নি উপকূলে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
আইলার ১৬ বছর: লোনা পানি আর স্বজন হারানোর ক্ষত আজও শুকায়নি উপকূলে

নাজমুল শাহাদাৎ (জাকির): আজ ভয়াল ২৫ মে। ২০০৯ সালের এই দিনে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘আইলা’। দেখতে দেখতে দীর্ঘ ১৬টি বছর পার হয়ে গেলেও সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির জীর্ণ বেড়িবাঁধ আর লোনা পানির গ্রাসে থাকা লাখো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। লোনা পানির আগ্রাসন, সুপেয় পানির তীব্র সংকট আর স্বজন হারানোর ক্ষত নিয়ে এখনো মানবেতর জীবনযাপন করছেন উপকূলীয় এই জনপদের বাসিন্দারা।

২০০৯ সালের ২৫ মে আইলার প্রভাবে ১৪-১৫ ফুট উচ্চতার আকস্মিক জলোচ্ছ্বাসে মুহূর্তেই ল-ভ- হয়ে গিয়েছিল সাতক্ষীরার উপকূল। ভেসে গিয়েছিল মানুষ, গবাদিপশু আর ঘরবাড়ি। সরকারি হিসাব অনুযায়ী, সে সময় সাতক্ষীরায় ৭৩ জন নিহত, দুই শতাধিক আহত এবং প্রায় ৬ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল। ১৬ বছর পর সরকারি নথির সেই পরিসংখ্যানের হিসাব মিললেও, উপকূলের মানুষের প্রাত্যহিক জীবনের বাস্তব চিত্রটা বদলায়নি একটুও।

শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের মাজেদ শেখের পরিবারের কাছে আইলার স্মৃতি আজও এক জীবন্ত নরক। জলোচ্ছ্বাসের তোড়ে নৌকাডুবিতে তিনি তিন মেয়ে ও গর্ভবতী পুত্রবধূসহ পরিবারের ছয়জনকে হারান। চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, দুজনের খোঁজ আর কোনোদিন মেলেনি। স্বজন হারানোর সেই ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেননি মাজেদ শেখ ও তাঁর স্ত্রী আমেনা খাতুন। একটি জীর্ণ খড়ের কুঁড়েঘরে কাটছে তাঁদের জীবন। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি জমে কাদার সৃষ্টি হয়। পুনর্বাসন আর স্বাস্থ্যকর স্যানিটেশনের সরকারি-বেসরকারি শত প্রতিশ্রুতি থমকে গেছে তাঁদের মাত্র এক ফুট উঁচু, তালপাতার বেড়া দিয়ে তৈরি ব্যবহারের একমাত্র টয়লেটের কাছেই।

একই এলাকার সালমা খাতুনের গল্পটি আরও মর্মস্পর্শী। জলোচ্ছ্বাস শুরু হলে পরিবারের ১৯ জনকে নিয়ে নৌকায় উঠেছিলেন তাঁরা। কিন্তু মাঝনদীতে প্রচ- স্রোতে নৌকাটি উল্টে গেলে মুহূর্তেই প্রাণ হারান পরিবারের ১১ জন। প্রচ- স্রোতের মধ্যে পিঠে বড় মেয়ে আর কোলে দুধের শিশুকে নিয়ে টানা তিন ঘণ্টা পানিতে ভেসেছিলেন সালমা। বড় মেয়েকে বাঁচাতে পারলেও তাঁর চোখের সামনে লোনা পানি আর ঠান্ডায় নিথর হয়ে যায় কোলের শিশুটি। ১৬ বছর পরও মে মাস এলেই সেই নদী, স্রোত আর সন্তানের শেষ মুহূর্তের আকুতি তাড়া করে ফেরে সালমাকে।

আইলা-পরবর্তী দিনগুলোর স্মৃতি আজও এই জনপদের মানুষকে শিউরে তোলে। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ। অনেকের শরীর এতটাই পচে গিয়েছিল যে শেষ গোসলটুকু পর্যন্ত করানো সম্ভব হয়নি। বস্তায় ভরে, বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে কাদার ভেতরেই দাফন করা হয়েছিল অনেককে।

১৬ বছর পার হলেও এই জনপদের মানুষ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। স্থানীয় সংকটের পাশাপাশি এখন বড় হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব। লবণপানির দীর্ঘস্থায়ী উপস্থিতিতে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, কমেছে কর্মসংস্থান এবং তীব্র আকার ধারণ করেছে সুপেয় পানির সংকট।

প্রতি বছরই টেকসই বাঁধের নামে কোটি কোটি টাকার বাজেট ও বরাদ্দ থাকলেও উপকূলের মানুষের ভাগ্য বদলানোর মতো স্থায়ী কোনো সমাধান এখনো মাঠপর্যায়ে দৃশ্যমান হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, উপকূলজুড়ে জলবায়ু সহনশীল ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, দীর্ঘ সময় পর এবার গাবুরাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ মাঠপর্যায়ে চলমান রয়েছে। তবে বছরের পর বছর ধরে চলা এই ধীরগতির উন্নয়ন উপকূলের মানুষের লোনা পানির আতঙ্ক পুরোপুরি দূর করতে পারছে না। আইলার দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও মাজেদ শেখের নিখোঁজ সন্তানদের শেষ দাফনটুকু করতে না পারার আফসোস কিংবা সালমা খাতুনদের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আজও মুছতে পারেনি কোনো উদ্যোগ। উপকূলাবাসীর একটাই দাবি—ত্রাণ বা অনুদান নয়, তাঁরা বাঁচতে চান একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে।

দেবহাটার কুলিয়া বাজারে মাদকের বিস্তার, বাড়ছে চুরি ও আতঙ্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
দেবহাটার কুলিয়া বাজারে মাদকের বিস্তার, বাড়ছে চুরি ও আতঙ্ক

 

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া বাজার ও এর আশপাশের এলাকাগুলোতে মাদক বেচাকেনা ও মাদকসেবীদের দাপট আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় দিন-রাত সমানতালে ঘটছে চুরির ঘটনা। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, কুলিয়া বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সেখানে দিন-রাত অবাধে চলছে মাদক কেনাবেচা ও সেবন। উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে। আর এই নেশার টাকা জোগাড় করতে মাদকসেবীরা চুরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে।
ব্যবসায়ীরা জানান, কুলিয়া বাজার এলাকায় এখন কোনো কিছুই নিরাপদ নয়। সুযোগ পেলেই দোকানের তালা ভেঙে, বাসাবাড়ির জানালা গলিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, বাইসাইকেল, দোকানের মালামাল, এমনকি গৃহপালিত পশু ও গাছের ফল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। রাতের আঁধারে তো বটেই, দিনের বেলাতেও মানুষ একটু অসতর্ক হলেই চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে দুপুরের দিকে দোকান বন্ধ থাকার সময় পাহারাদার না থাকায় চুরির উপদ্রব বেশি হয়।
অনুসন্ধানে জানা গেছে, বাজার কমিটির নির্দেশ অমান্য করে মধ্যরাত পর্যন্ত কিছু দোকানপাট খোলা রাখার সুযোগে এই অপরাধী চক্রটি বাজারে অবাধে বিচরণ করে। দিনের বেলা কুলিয়া মৎস্য শেড বন্ধ হওয়ার পর রাতে সেখানে বসে মোবাইল জুয়া ও মাদকের আসর। এছাড়া বাজারের শহীদ মিনারের পাশের পরিত্যক্ত দোকান, দোতলা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পরিত্যক্ত স্থান, চার রাস্তার মোড়ের যাত্রী ছাউনি এবং কুলিয়া ব্রিজের নিচের অংশকে মাদক চক্রটি নিয়মিত আড্ডাখানা হিসেবে ব্যবহার করছে।
বাজারে নৈশপ্রহরী থাকলেও এই চক্রের সদস্যদের উগ্রতার কাছে তারা অসহায়। প্রায়ই নৈশপ্রহরীদের সঙ্গে এই চক্রের সদস্যদের বাকবিত-ায় লিপ্ত হতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অপরাধীরা স্থানীয় হওয়ায় এবং তাদের হুমকি-ধমকির ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। ফলে অনেকেই আর্থিক ক্ষতি সহ্য করেও নীরব থাকছেন।
স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মতে, এলাকায় মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ করা না গেলে এই চুরির সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। তাঁরা অবিলম্বে কুলিয়া বাজার ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদকের মূল আস্তানাগুলোতে দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পুলিশ ও দেবহাটা থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।