রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ঢাকায় ফিরছে মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ঢাকায় ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি-বেসরকারি অফিস। তাই ছুটির শেষ দিন রোববার (৩১ মে) ট্রেনে করে ঢাকায় ফিরছেন অনেকে। কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
রোববার ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে অবস্থান করে দেখা গেছে, একের পর এক ট্রেনে রাজধানীতে ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ।

যাত্রীরা বলছেন, মোটামুটি নির্বিঘ্নেই ফিরতে পারছেন তারা, ট্রেনে খুব বেশি ভিড় নেই। তবে কোনো কোনো ট্রেন কিছুটা বিলম্বে কমলাপুর আসছে বলে অভিযোগ রয়েছে।

কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে, সেই ট্রেনগুলোতে বাড়তি ভিড় বা অতিরিক্ত ভিড় দেখা যায়নি। অর্থাৎ, প্রতিটা ট্রেনই বেশ স্বস্তি নিয়ে ঢাকায় এসেছে।

যাত্রীদের অনেকেই জানান, সময়মতো স্টেশন থেকে ট্রেন ছেড়েছে। তবে বিশেষ করে নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ থেকে এই অঞ্চলের যে ট্রেনগুলো ঢাকায় এসেছে, সেই ট্রেনগুলো অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন।

এর কারণ হিসেবে যাত্রীরা বলছেন, সময়মতো ট্রেন স্টেশন থেকে ছাড়লেও গন্তব্য স্টেশনে পৌঁছাতে দুই-তিন ঘণ্টা দেরি হয়েছে, কারণ মাঝখানে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে ঐ ট্রেনগুলোর ক্রসিং হয়েছে। অর্থাৎ, ডাবল লাইন না থাকায় সিঙ্গেল লাইনের কারণে একটি ট্রেনকে বসিয়ে অন্য একটি ট্রেনকে অতিক্রমের সুযোগ দেওয়া হয়েছে। এ কারণে বেশ কিছু ট্রেনের বিলম্বের ঘটনা ঘটেছে। তবে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী না থাকায় বেশ স্বস্তি নিয়েই কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা ফিরেছেন।

এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের অতিরিক্ত চাপ দেখা যায়নি। বিশেষ করে যাদের আজ অফিস রয়েছে বা ঢাকায় জরুরি কাজ রয়েছে, তারা আজ ঢাকায় ফিরছেন। এখন পর্যন্ত পুরো পরিবার নিয়ে অনেকেই আসেননি।

কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ এখন পর্যন্ত ঘরে ফেরা মানুষের জন্য কোনো ঈদ স্পেশাল ট্রেন কোথাও থেকে ছেড়ে আসছে না। সারাদেশের বিভিন্ন গন্তব্য থেকে আজ মোট ৪৩টি আন্তঃনগর এবং ২৩টি লোকাল মেইল কমিউটারসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় ফিরবে। সোমবার থেকে এরসঙ্গে যুক্ত হবে ঈদ স্পেশাল ট্রেন, চলবে প্রতিদিন একটি করে।

সকাল থেকে যে কয়েকটি ট্রেন ফিরে এসেছে, দুই-একটি ট্রেন ছাড়া সব ট্রেনই আসলে সময়মতো ফিরেছে। স্টেশন থেকে সময়মতো ছেড়েছে, কমলাপুরে সময়মতো ফিরেছে।

সকাল পৌনে ৮টায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে থামে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটিতে যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল না।

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সপরিবারে ফিরেছেন আব্দুর রহমান। তিনি বলেন, বাড়ি থেকে আসতে ইচ্ছা করে না তারপরও কর্মের খাতিরে ঢাকায় ফিরতে হয়। কারণ এই চাকরির উপার্জনেই তো পরিবার চলে।

সকাল সোয়া ৮টায় ৫ নম্বর প্যাটফর্মে থামে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস। এ ট্রেনেও যাত্রীর অতিরিক্ত চাপ ছিল না। নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

এই ট্রেনের যাত্রী শাহাদাত হোসাইন বলেন, আমি ব্যবসা করি। ব্যবসার একটা কাজে জরুরি প্রয়োজনে চলে আসতে হয়েছে। মোটামুটি ঝামেলাহীনভাবেই এসেছি। ট্রেনেও খুব একটা ভিড় ছিল না। তবে পরিবার নিয়ে আসিনি, পরিবার আসবে আরও কিছুটা কিছুদিন পর। বাচ্চাদের স্কুলও খুলবে আরও ৪ থেকে ৫ দিন পর।

গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়। টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ।

Ads small one

মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের

ইরানে জলসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এমকিউ-১ মডেলের একটি মার্কিন ড্রোন শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা করছিল। জলসীমায় প্রবেশের পরই বিপ্লবী গার্ডের আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি শনাক্ত করা হয় এবং লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করা হয়।

‘জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
‘জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি আশপাশের পাহাড়ি এলাকাগুলোতেও সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য রয়েছে এবং পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, এই আলীনগর, জঙ্গল সলিমপুর এলাকা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা বা অভয়ারণ্য থাকবে না। এর আশপাশে বেতুয়া ও চা বাগান নামে দুটি পাহাড়ি এলাকা রয়েছে। এসব এলাকাতেও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য আমরা পেয়েছি। সেখান থেকেও তাদের উচ্ছেদ করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি- এই চারটি অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হবে। পরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযানের মাধ্যমে এসব অপরাধ নির্মূলে কাজ করা হবে।

তিনি জানান, বিদ্যমান আইনগুলো যুগোপযোগী না হওয়ায় অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণে সমস্যা হচ্ছে।

১৮৬৭ সালের জুয়া আইনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এখন অনলাইন ও অফলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের বেটিং কার্যক্রম চালু রয়েছে। কিন্তু বিদ্যমান আইনি কাঠামো দিয়ে সেগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে আইন আনার চেষ্টা করা হবে।

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান আনা হবে। বর্তমানে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে। বিশেষ ট্রাইব্যুনাল হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। এভাবেই আমরা দেশকে বাঁচাতে পারব, যুব সমাজকে রক্ষা করতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় কিছু আইনি সংস্কার প্রয়োজন। বর্তমানে কিশোর অপরাধীদের জন্য বিদ্যমান আইনের কিছু সুযোগ-সুবিধা অপব্যবহার করা হচ্ছে। এর ফলে অনেকেই গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে এবং ধীরে ধীরে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। তাই এ ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

তিনি আরও বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করব। রাষ্ট্রের অস্তিত্ব যে কার্যকরভাবে বিদ্যমান এবং আইনি কাঠামো যে শক্তিশালী-তা বাস্তবেই প্রমাণ করা হবে।

সলিমপুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে যা হবে, তা হলো রাষ্ট্রের অস্তিত্ব এবং আইনের শাসনের বাস্তব প্রয়োগ মানুষ দেখতে পাবে।

এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব এবং এলজিইডিসহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, প্রণালিটি ব্যবহার করার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট জাহাজগুলোকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

শনিবার বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এ কারণে সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রণালি দিয়ে যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন গ্রহণ করতে হবে। নির্ধারিত বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে তেহরান।

ইরান জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক তেল পরিবহন ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।