রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে সাফল্যের নতুন গল্প লিখেছে পিএসজি।
রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এই শতাব্দীতে চ্যাম্পিয়নস লিগ ধরে রাখল পিএসজি। ২০১৬ থেকে ২০১৮ সালে টানা ৩টি শিরোপা জিতেছিল রিয়াল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পিএসজি-আর্সেনালের এই স্নায়ু পরীক্ষায় শেষ পর্যন্ত জিতেছে ফরাসি ক্লাবটি। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি।

টাইব্রেকারে শেষ শটে পিএসজির লুকাস বেরালদো জাল খুঁজে পেলেও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস মেরে দেন বারের ওপর দিয়ে। তাতেই রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি।

ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের। ষষ্ঠ মিনিটে মারকিনিওসের ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে জার্মান ফরোয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। পিএসজি গোলকিপার মাতবে সাপোনভ তাঁর মাথার ওপর দিয়ে বুলেট গতিতে যাওয়া বলটি ধরার সুযোগই পাননি।

পিএসজি এই ম্যাচে মাঠে নেমেছিল গত বছরের ফাইনাল শুরু করা ১০ জন নিয়েই। যে একটি পরিবর্তন, সেটি এই সাপোনভই। এক বছর আগে এই মঞ্চে শিরোপাজয়ের অভিজ্ঞতা আছে বলেই হয়তো পিএসজি শুরুতে গোল হজম করলেও আড়ষ্ট হয়ে যায়নি; বরং গোলের পর আর্সেনাল অনেকটা নিচে নেমে রক্ষণ সামলানোয় বেশি মনোযোগ দিলে আক্রমণের ধার বাড়ান উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইস, দিজিয়ের দুয়েরা। যদিও গোলের প্রবল সম্ভাবনা জাগাতে পারেননি, দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্টই থেকে গেছে।

প্রথমার্ধের বিরতির আগে হাভার্টজ আর্সেনালকে দ্বিতীয় গোলও এনে দিচ্ছিলেন প্রায়, সেটি হয়নি মারকিনিওসের দৃঢ়তায়।

চ্যাম্পিয়নস লিগে এত দিন শুধু রিয়াল মাদ্রিদেরই টানা দুটি শিরোপা (মূলত হ্যাটট্রিক) জেতার কীর্তি ছিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পিএসজির লক্ষ্য ছিল সময় নষ্ট করার। বিরতি শেষে ইংলিশ ক্লাবটি মাঠে ফেরে পিএসজির দুই মিনিট পর। খেলা শুরু হওয়ার পর সময় নষ্ট করার কারণে হলুদ কার্ডও দেখেন ক্রিস্টিয়ান মস্কেরা। ৬৫ মিনিটে স্প্যানিশ এই রাইটব্যাকই সুযোগ করে দেন পিএসজিকে ম্যাচে ফেরার। বল নিয়ে বক্সে ঢোকা খিচা কাভারাস্কেইয়াকে মস্কেরা ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। দেম্বেলে সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইনে সমতা আনতে ভুল করেননি (১-১)।

এরপর ম্যাচে পিএসজির নিয়ন্ত্রণ শুধু বেড়েছেই। কাভারাস্কেইয়ার একটি শট পোস্টে লাগে, বারকোলা দুটি সহজ সুযোগ নষ্টও করেন। তবে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই আধা ঘণ্টার খেলায় অবশ্য আর্সেনালও সম্ভাবনা তৈরি করেছিল। টিম্বার ও গিওকেরেস সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে।

আর্সেনালের দ্বিতীয় শট নিতে যাওয়া এবেরেচি এজের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরপরই পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে দেন দাভিড রায়া। ৪ শট শেষে তাই টাইব্রেকার ফলও থাকে সমতায়। তবে শেষ শটে আর সমতা রাখতে পারেনি আর্সেনাল। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মাগালাইসের বারের ওপর দিয়ে চলে গেলে উৎসব শুরু হয়ে যায় পিএসজি শিবিরে।

চ্যাম্পিয়নস লিগে এত দিন শুধু রিয়াল মাদ্রিদেরই টানা দুটি শিরোপা (মূলত হ্যাটট্রিক) জেতার কীর্তি ছিল। ২০২৫ সালের আগপর্যন্ত একটি শিরোপার জন্য অপেক্ষায় থাকা পিএসজি এবার টানা ট্রফি জিতে নাম লেখাল রিয়ালেরই পাশে।

Ads small one

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক: রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। রবিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তিনি রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাস কে উদ্দেশ্য করে প্রথমে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুসি মারে। এতে এখলাস আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে বা কেন মাইঝে শিকদার তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি।

 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মাল্টিপ্লেক্সে ঈদের তৃতীয় দিন: কোন চলচ্চিত্র আয় করলো কত?

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
মাল্টিপ্লেক্সে ঈদের তৃতীয় দিন: কোন চলচ্চিত্র আয় করলো কত?

বাংলা সিনেমার মেটা ডাটাভিত্তিক ফেসবুক পেজ বিএমআর-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ঈদের মুক্তির তৃতীয় দিনেও দেশের মাল্টিপ্লেক্সগুলোতে শীর্ষ কয়েকটি বাংলা চলচ্চিত্র তাদের অবস্থান ধরে রেখেছে। শো সংখ্যা, হাউজফুল শো এবং মোট গ্রস আয়ের ভিত্তিতে স্পষ্ট হয়েছে কোন সিনেমা এগিয়ে আছে এবং কোনগুলো ধীরগতিতে এগোচ্ছে।

এদিকে, প্রতিটি চলচ্চিত্র নিয়েই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে, দর্শকের রুচি ও পছন্দের ভিন্নতার কারণে একেকটি সিনেমা নিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছে হলে গিয়ে। তবে এর মাঝেও থেমে নেই ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর যাত্রা। উৎসবের আবহে দর্শকরা এখনো হলে গিয়ে সিনেমা উপভোগ করছেন। এখন দেখার বিষয়, মাল্টিপ্লেক্সে দিনশেষে কোন সিনেমা কেমন আয় করছে এবং প্রযোজক ও প্রদর্শকদের হিসাব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।

তৃতীয় দিনেও সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে রকস্টার। এদিন শুধু স্টার সিনেপ্লেক্স (৩৭টি শো), লায়ন সিনেমাস (৮টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (৪টি), মম ইন (৪টি), মণিহার সিনেপ্লেক্স (৫টি), মধুবন সিনেপ্লেক্স (৪টি), সিনেস্কোপ (৪টি), শ্যামলী সিনেমা (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৩টি), স্বপ্নীল সিনেপ্লেক্স (৪টি) এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স (৪টি) মিলিয়ে মোট ৮১টি শো চলেছে। এর মধ্যে ৩২টি শো হাউজফুল এবং আরও ৫টি প্রায় হাউজফুল ছিল। তিনদিন শেষে সিনেমাটির মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৩৪ কোটি টাকা।

রইদ তৃতীয় দিনেও ডাবল ডিজিট কালেকশন ধরে রেখেছে। স্টার সিনেপ্লেক্স (১৯টি শো), লায়ন সিনেমাস (২টি) এবং কে-স্ক্রিন (১টি) মিলিয়ে মোট ২২টি শো চলেছে। এর মধ্যে ৭টি শো হাউজফুল এবং ২টি প্রায় হাউজফুল ছিল। তিনদিন শেষে মোট গ্রস ৩৬.৯২ লাখ টাকা।

বনলতা সেন তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরম্যান্স দেখিয়েছে। স্টার সিনেপ্লেক্সে (১০টি শো) এবং লায়ন সিনেমাসে (১টি শো) মোট ১১টি শো চলেছে, যার মধ্যে ৪টি হাউজফুল ছিল। তিনদিন শেষে মোট গ্রস ১৬.৬৫ লাখ টাকা।

মালিক তৃতীয় দিনেও ভালো হোল্ড বজায় রেখেছে। স্টার সিনেপ্লেক্স (১০টি), লায়ন সিনেমাস (৩টি) এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স (৩টি) মিলিয়ে ১৬টি শোতে ২টি হাউজফুল শো ছিল। তিনদিন শেষে মোট আয় ১৫ লাখ টাকা।

মাসুদ রানা তৃতীয় দিনে কিছুটা উন্নতি করলেও কোনো শো হাউজফুল হয়নি। স্টার সিনেপ্লেক্স (৬টি) ও লায়ন সিনেমাস (১টি) মিলিয়ে ৭টি শো চলেছে। তিনদিন শেষে মোট গ্রস ৬.২৩ লাখ টাকা।

পিনিক তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। স্টার সিনেপ্লেক্স (৪টি) ও লায়ন সিনেমাস (১টি) মিলিয়ে ৫টি শো চললেও কোনো হাউজফুল শো হয়নি। তিনদিন শেষে গ্রস ১.৬৯ লাখ টাকা।

অফিসার সবচেয়ে কম শো পাওয়া ছবিগুলোর একটি। স্টার সিনেপ্লেক্সে একমাত্র শোতে দর্শক উপস্থিতি ছিল ৩০ জন। তিনদিন শেষে মোট গ্রস ৫০.৮ হাজার টাকা।

প্রসঙ্গত, বিএমআর এর এ জরিপ প্রসঙ্গে যোগাযোগ করা হয়, স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদের সাথে। তিনি বলেন, “বিএমআর এ ধরণের কাজগুলো করছে বলে শুনেছি। মাল্টিপ্লেক্সগুলোর সবকিছুই খুব ট্রান্সপারেন্ট। কেউ যদি চায়, কত টাকা সেল হল তা তারা অবশ্যই বের করতে পারে। তা সঠিক তথ্যের কাছাকাছি বা সঠিক তথ্য হতে পারে।”

বরাবরই বিএমআরও দাবি জানিয়ে এসেছে, তাদের এ জরিপ অনলাইন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেবলমাত্র মাল্টিপ্লেক্স এর জন্যই প্রযোজ্য। শুধুমাত্র যমুনা ব্লকবাস্টার এর আওতাভুক্ত নয়।

হিজবুল্লাহর বিরুদ্ধে নীতিতে ‘নাটকীয়’ পরিবর্তনের ঘোষণা নেতানিয়াহুর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
হিজবুল্লাহর বিরুদ্ধে নীতিতে ‘নাটকীয়’ পরিবর্তনের ঘোষণা নেতানিয়াহুর

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ এবং এর চারপাশের কৌশলগত শৈলশিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক দখলে নেওয়ার ঘটনাকে উদযাপন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আরও গভীরে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে একে ইসরায়েলি নীতিতে ‘একটি নাটকীয় পরিবর্তন’ বলে অভিহিত করেছেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘বিউফোর্ট দুর্গ দখল একটি নাটকীয় পর্যায় এবং আমরা যে নীতি নিয়ে এগোচ্ছি তাতে এক নাটকীয় পরিবর্তন। এখন আমার নির্দেশ হলো, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে আমাদের দখল বা অবস্থান আরও গভীর ও সম্প্রসারিত করা।’

নেতানিয়াহু ঐতিহাসিক এই স্থানটির অতীত স্মরণ করে বলেন, ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধের শুরুর দিকের অন্যতম একটি লড়াইয়ে ইসরায়েলি সেনারা এই দুর্গটি দখল করার পর এটি আমাদের সমাজের অভ্যন্তরে গভীর বিভাজনের প্রতীক হয়ে উঠেছিল।

দক্ষিণ লেবাননে দীর্ঘ ১৮ বছরের দখলদারত্বের সময় ইসরায়েল এই অবস্থানটি ধরে রেখেছিল এবং বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ২০০০ সালে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়।

নেতানিয়াহু বলেন, ‘আজ আমরা বিউফোর্টে ভিন্নভাবে ফিরে এসেছি। আমরা ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি। আমরা ভয়ের প্রাচীর ভেঙে ফেলেছি। আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা সব ফ্রন্টে সিরিয়া, গাজা এবং লেবাননে অভিযান পরিচালনা করছি। আমাদের সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য আমরা আমাদের সীমান্তের বাইরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছি।’

নেতানিয়াহু আরও বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন আক্রমণ এবং হত্যাকাণ্ডের ইরান-ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েল ৮ হাজার হিজবুল্লাহ সন্ত্রাসীকে নির্মূল করেছে।

নেতানিয়াহুর দাবি অনুযায়ী, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ হাজার হিজবুল্লাহ অপারেটিভ নিহত হয়েছে এবং গত মাস থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ৭০০ জন।

সূত্র: টাইমস অব ইসরায়েল