অনলাইনে চাঁদপুরের ইলিশের লোভনীয় বিজ্ঞাপন: কলারোয়ায় প্রতারণার শিকার ক্রেতারা
নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কলারোয়ায় এমনই এক অভিনব প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়েছেন স্থানীয় এক গৃহিণী ও এক গৃহকর্তা।
ভুক্তভোগীরা জানান, ফেসবুকে বড় আকারের ইলিশের লোভনীয় ভিডিও ও অফার দেখে তারা দেওয়া নম্বরে যোগাযোগ করেন। ওপাশ থেকে জানানো হয়, ককশিট, বরফ ও কুরিয়ার খরচ বাবদ ৫৫০ টাকা আগে বিকাশ করতে হবে। মাছ হাতে পাওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা বলা হয়। সরল বিশ্বাসে তারা পৃথকভাবে বিকাশ নম্বরে ওই টাকা পাঠান।
পরদিন ডেলিভারিম্যান পরিচয়ে ফোন করে জানানো হয়, মাছ গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছে। তবে কোড পাওয়ার জন্য মাছের পূর্ণ নির্ধারিত মূল্য ৫ হাজার ৬০০ টাকা বিকাশে পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর দীর্ঘক্ষণ কোনো কোড না আসায় পুনরায় যোগাযোগ করা হলে সার্ভার জটিলতার অজুহাত দেখিয়ে আরও টাকা দাবি করা হয়। এভাবে একাধিকবার টাকা নেওয়ার পর চক্রটি যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ভুক্তভোগীরা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিকাশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।








