মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপনে মিটিং করার অভিযোগে রোববার (২১ জুন) ভোর রাত দেড় টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ ৮ জন।

পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশের নেতৃত্বে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি বাড়িছাদে গোপনে সভা করা হচ্ছে খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Ads small one

আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ডাঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বড়দল ইউপি প্রশাসক আখতার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাজরা প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কেন্দ্রীয় নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
কেন্দ্রীয় নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল স্কুলের সামনে গিয়ে সমাবেশ করে।

 

সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, অ্যাডভোকেট হাসিব, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসআই আশা প্রমুখ।

 

প্রতিবাদ মিছিল ও সমাবেশে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী। এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, অ্যাডভোকেট এস এম বিপ্লব, নাট্যকর্মী ও শিক্ষক মাহফুজা লিপি, শিক্ষক নয়ন ভট্টাচার্য্য, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, সহ-সভাপতি মিনতি সরকার, শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাগরিক নেতা আলী নুর খান বাবুল, তরুণ জলবায়ু কর্মী হৃদয় মন্ডল, নুত্যশিল্পী তনয়া মেধা সায়নী, যুব জলবায়ু কর্মী সুদীপা বসু, সঙ্গীতশিল্পী মিতু মন্ডল ও নিপমালা সাহা।

লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখোমুখি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছে।

আলোচনায় শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাডভোকেট এস এম বিপ্লব বলেন, সিডর, আইলা, আম্পান ও রেমালের মতো দুর্যোগ উপকূলীয় অঞ্চলের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করেছে।

 

মাহফুজা লিপি বলেন, লবণাক্ততা বৃদ্ধি কৃষি, সুপেয় পানি ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। আলী নুর খান বাবুল বলেন, জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ জরুরি।

সভা থেকে সভার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিতে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহবায়ক ও এডভোকেট এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।