আশাশুনির হাজীরহাটে দুই কর্মচারীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাটে দীর্ঘদিনের একটি মিষ্টির দোকানের দুই কর্মচারীকে চিনি চুরির অপরাধে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিসী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘রঞ্জিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিক দীলিপ কুমার ঘোষের অভিযোগ থেকে জানা যায়, তাঁর দোকানে পুরোহিতপুর গ্রামের লালন দীর্ঘ ১০ বছর এবং আগরদাড়ি গ্রামের সোহাগ হোসেন গত ৭-৮ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি নজরদারি শুরু করেন। একপর্যায়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তিনি কুল্যা ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।
শনিবার অনুষ্ঠিত সালিসী বৈঠকে অভিযুক্ত দুই কর্মচারী দীর্ঘদিন ধরে দোকান থেকে চিনি চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁরা জানান, চুরি করা চিনি তাঁরা বাজারের মুদি ব্যবসায়ী রাম সানা, মহিষাডাঙ্গার ব্যবসায়ী ছট্টু এবং তালা উপজেলার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন। এ পর্যন্ত তাঁরা প্রায় ৩ লাখ টাকার চিনি বিক্রি করেছেন বলে স্বীকার করার পর সালিসে তাঁদের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মীমাংসা অনুযায়ী, অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল সালিস বোর্ডে জমা দেন। জরিমানার বাকি টাকা আগামী ২০ দিনের মধ্যে পরিশোধ করার শর্তে তাঁরা একটি মুচলেকা প্রদান করেছেন।












