কালিগঞ্জে অধ্যাপিকার বিরুদ্ধে জমি আত্মসাৎ ও হয়রানির অভিযোগে মানববন্ধন
সংবাদদাতা: অসুস্থ বাবার জমি জালিয়াতির মাধ্যমে লিখে নেওয়া এবং আপন ভাইসহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে এক অধ্যাপিকার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অভিযুক্ত জান্নাতুল বুশরা পেশায় একজন অধ্যাপিকা। মানববন্ধনে তার বড় ভাই ও শ্রীকলা জামে মসজিদের ইমাম আব্দুস সবুর অভিযোগ করেন, তাদের বাবা আব্দুর সাত্তার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘকাল শয্যাশায়ী ছিলেন। এই সুযোগে তিন বছর আগে জান্নাতুল বুশরা জালিয়াতির আশ্রয় নিয়ে বাবার ৬ শতক বসতভিটা নিজের নামে লিখে নেন। গত ৩ এপ্রিল বাবার মৃত্যুর পর এই বিরোধ আরও চরম আকার ধারণ করে।
আব্দুস সবুর আরও জানান, জমি লিখে নেওয়ার পর জান্নাতুল বুশরা তাকে ও তার অসুস্থ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পর গ্রামবাসী তাকে ওই ভিটায় তুলে দিলে আবারও উচ্ছেদের পাঁয়তারা শুরু হয়েছে। তাকে হয়রানি করতে আদালতে মামলাও করেছেন ওই অধ্যাপিকা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুস সবুর শিমুল, ফরিদা বেগম, স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ, সিরাজুল ইসলাম ও লুৎফন নেছা প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, অধ্যাপিকা বুশরা বহিরাগতদের নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। তারা এই হয়রানি থেকে মুক্তি এবং পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কর্মসূচিতে স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক কর্মীসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।













