চেয়ারম্যান প্রার্থী শামীমের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি চলবে।
এরই অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন বলেন, ইউনিয়নের বিভিন্ন খাত নিয়ে তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে শামীম হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রহমত আলী, ইউনিয়ন টিমের সদস্য মো. ওহেদুজ্জামান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








