জলাবদ্ধতা নিরসনে অ্যাডভোকেসি সভা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় যুবদের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’র বাস্তবায়নে এবং ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় সিডোর ম্যানগ্রোভ সভাকক্ষে এই সভা হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সি ইনস্পেক্টর মো. ইদ্রিস আলী, সাবেক প্যানেল মেয়র মো. শফিক উদ-দৌলা সাগর, ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও যুবনেতারা। স্বাগত বক্তব্য দেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন মো. তহিদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা সাতক্ষীরায় অতিবৃষ্টি, অপরিকল্পিত নগরায়ণ এবং খাল-নদীর নাব্য হ্রাসের কারণে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। এর নিরসনে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করে প্রাণসায়ের খালের সঙ্গে যুক্ত করা, পৌর এলাকায় মৎস্য ঘের বন্ধ করা, বর্ষার আগেই জাল-পাটা অপসারণ এবং নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। ইউএনও অর্ণব দত্ত বলেন, জলাবদ্ধতা কাটাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে নিয়মিত সমন্বয় থাকা প্রয়োজন।





