ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি জনি গাজী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: খুলনা জেলার ডুমুরিয়া থানায় সংঘটিত চাঞ্চল্যকর স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র্যাব জানায়, নিয়মিত অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি জনি গাজী (২৯)কে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, জনি গাজী ও নিহত বিথি আক্তার স্বামী-স্ত্রী ছিলেন। গত ৫ মে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
বিথি আক্তারের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জনি গাজী পলাতক ছিলেন।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








