বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

তালায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিলো গ্রামবাসি, উদ্ধার ১৫ পিস ইয়াবা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
তালায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিলো গ্রামবাসি, উদ্ধার ১৫ পিস ইয়াবা

সংবাদদাতা: সাতক্ষীরার তালায় ইসরাফ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটকে পুলিশে সোপর্দ করেছে একদল এলাকাবাসি। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে উপজেলা সদরের রহিমাবাদ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসরাফ সরদার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার নায়াকাটি গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আটকককারীরা।

আটককারীরা জানান, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে ইসরাফ সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটককারীদের কাছ থেকে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Ads small one

তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
তালা থানার ওসির সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল দুপুর ২টায় তালা থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ওসি শহিদুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট তালা শাখার সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সুরোজিৎ সরকার, সিনিয়র সহ-সভাপতি তাপস দাস, সহ-সভাপতি প্রভাষক সন্দীপ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পবিত্র বাছাড়, মহিলা বিষয়ক সম্পাদক সুমনা দে, প্রচার সম্পাদক প্রসেনজিৎ দাস, দপ্তর সম্পাদক মিঠুন মল্লিক, তারক রাহা ও শিবু দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হবে।

 

দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা ।

গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
গ্রাম আদালতের গুরুত্ব ও বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রামের ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিস্পত্তি করতে হবে।

 

গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করে প্রান্তিক সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি উচ্চ আদালতের মামলা জট কমাতে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, উচ্চ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি এবং প্রতিবেদন দাখিল, মামলা নিস্পত্তি, এজলাস ব্যবহার এবং মামলার নথি, রেজিস্টার সংরক্ষণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। একইসাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সবাইকে গুরুত্ব সহকারে কাজ করার জন্য বলেন।

ত্রৈমাসিক সভায় উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা দেবহাটা উপজেলার ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে গ্রাম আদালত পরিচালনায় ব্যায়ের জন্য আলাদা বরাদ্দ রাখার জন্য অনুরোধ করেন।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এস কে সাদেক হোসেন।

বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস, কে জানতো শুভকে লাশ হয়ে ফরিতে হবে!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস, কে জানতো শুভকে লাশ হয়ে ফরিতে হবে!

 

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার অভাবের সংসার। বড় ছেলে শান্তি দাস বিয়ে করে অন্যত্র বসবাস করে। মেঝ ছেলে শুভ দাস কয়লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর পড়াশুনার ফাঁকে ফাঁকে ট্রলি চালাতো। একমাত্র মেয়ে সাধনা দাস কলারোয়া সরকারি বাালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশুনা করে।

 

ছোট ছেলে সুদীপ দাস পড়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী শিখা দাস একজন গৃহিনী। তাই সংসারের বিরাট খরচ বহন করতে না পেরে মেঝ ছেলে শুভকে তিন বছর আগে লেবাননে পাঠিয়েছিলেন। সেখানে শুভ মাইফাদুন এলাকায় একটি বাড়ি দেখাশুনা ও বাড়ি সংলগ্ন বাগানে কাজ করতো।

শেষ সম্বল মাত্র এক শতক জমির উপর শেষ আশ্রয়স্থলটি বিক্রি করে আরো চার লাখ টাকা সমিতি ও স্থানীয়দের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুভকে লেবাননে পাঠান সুরঞ্জন দাস। বাড়ি বিক্রির পর একই গ্রামে এক হাজার টাকার ভাড়া বাসায় বসবাস করেন সুরঞ্জন দাস (৫৫)। প্রতি মাসে শুভ’র পাঠানো ৩৫ হাজার টাকা দিয়ে ঋণ শোধের পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশুনা ও সংসার খরচ চালানো হতো। শেষের দুই মাস টাকা পাঠায়নি শুভ। গত সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ইজরাইলি ড্রোন হামলায় শুভ মারা যায়। একই সময়ে বাংলাদেশের আরো দুইজন মারা যায়।

বুধবার সকালে শ্রীপতিপুর গ্রামে গেলে দেখা গেছে শুভ’র বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা লাশ ফিরে পাওয়ার জন্য প্রহর গুনছেন। সাধনা দাস জানায়, মঙ্গলবার দুপুরে মুঠোফোনে তার দাদার মৃত্যুর খবর পান তারা। রবিবার রাতে তাদের সঙ্গে দাদার শেষ কথা হয়। দুই মাস টাকা পাঠাতে না পারার জন্য কষ্ট পাচ্ছিল সে। আয়ক্ষম দাদার অকাল মৃত্যুতে তাদের বড় ক্ষতি হয়ে গেল। হয়তো তার ও ছোট ভাইয়ের আর পড়াশুনা করা সম্ভব হবে না। এ ছাড়া বাবা বকেয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে।

শিখা রানী দাস জানান, সংসারের হাল ফেরাতে যেয়ে বিয়ে না করেই লেবাননে যায় শুভ। ভেবেছিলেন আরো কিছু দিন লেবাননে থাকার পর দেশে নিয়ে এসে শুভকে বিয়ে দেবেন। ভগবান বুঝি তাদের সুখ সহ্য করতে পারলেন না। তাই এভাবেই কেড়ে নিলেন তার ছেলে শুভকে। তার ছেলের লাশ যাতে দ্রুত ফিরে পান সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।

শুভ’র বাবা সুরঞ্জন দাস বলেন, ঈশ^র যেন তাকে ছেলের শোক সহ্য করার ক্ষমতা দেওয়ার পাশাপাশি কর্মক্ষমতা বাড়িয়ে দেন। নইলে অন্যের বাড়িতে ভাড়া থেকে সংসার চালাবেন কিভাবে?

শ্রীপতিপুর গ্রামের সুমন দাস বলেন, শুভ খুব ভাল চেলে ছিলো। কারো সাথে বিরোধ করতো না। ঈশ^র যেন তাকে স্বর্গবাসি করে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুভ’র পরিবার যাতে দ্রুত লাশ ফিরে পেতে পারে সেজন্য তারা সার্বিক চেষ্টা চালাবেন। একইসাথে সরকারি সব ধরণের সহায়তা পাওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন।
প্রসঙ্গত, এ নিয়ে রবিবার ও সোমবার লেবাননে কর্মরত সাতক্ষীরা জেলার তিনজন রেমিটেন্স যোদ্ধার ইজরাইলি ড্রোন হামলায় মৃত্যু হলো।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানান, শুভসহ তিনজনের লাশ লেবানন থেকে ফেরানোর জন্য চেষ্টা চলছে।