তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, নদীর দুই পাড়ে মানুষের ঢল
তালা প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। সেই ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর পাকুড়িয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে হরিহরনগর দক্ষিণপাড়াবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য (সাতক্ষীরা-১, তালা-কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব। এতে সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ গাজী গফ্ফার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান লাল্টু, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আবুল কালাম আজাদ বাবলু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিব, সহসাংগঠনিক সম্পাদক শেখ অলিউর রহমান ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আব্দুস সালাম।
প্রতিযোগিতায় আটটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় খেশরা ইউনিয়নের কুলপোতা প্রথম এবং একই ইউনিয়নের সোনাবাঁধাল দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, গ্রামীণ ঐতিহ্যের এ নৌকা বাইচ প্রতিযোগিতায় নদীর দুই পাড়ে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, এখনো মানুষের কাছে নৌকা বাইচের জনপ্রিয়তা রয়েছে। এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে এক মিলনমেলার সৃষ্টি হয়েছে।
তিনি তরুণ সমাজকে মাদক, জুয়া ও উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে দূরে থাকার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তাঁর সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।












