দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দেবহাটা উপজেলার সখিপুর বাজারসংলগ্ন সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
অভিযানের অংশ হিসেবে সখিপুর বাজারের মাছ বাজার, কাঁচাবাজার, মুরগি পট্টি, বাজার জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আফছার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। এ জন্য মশার বংশবিস্তারস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
‘নিজের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি’-এমন আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।









