বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই বিলায়েত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, আইনকৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

এছাড়া উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার নুরুল ইসলাম, দেবহাটা আনসার-ভিডিপির সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অজয় কুমার, গাজীরহাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার, দেবহাটা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ এবং দক্ষিণ পারুলিয়া মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস্য অসীম কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সিসি ক্যামেরা স্থাপন এবং নারী ও পুরুষদের জন্য পৃথক প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে এবং আনসার ও পুলিশ সদস্যদের সমন্বয়ে প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।

সভায় উপজেলার ২১টি দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Ads small one

রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি

বাগেরহাটের রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজীব আল রশিদকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম রাজীব আল রশিদের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান।

তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়।

সহকারী প্রেস সচিব জানান, চুক্তির আওতায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ অংশীদারত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা আরও বাড়বে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহের কথা জানতে চান।

জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয় বলেও জানান সহকারী প্রেস সচিব নাজমুল হক।

সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি

সাড়ে পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণার পর আদালত থেকে কৌশলে পালিয়ে গেছেন আব্দুর জলিল নামে এক আসামি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার আরবিট্রেশন আদালতের বিচারক ইসরাত জেনিফার জেরিনের আদালতে এ ঘটনা ঘটে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি সাড়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যুক্তিতর্কের সময়ও আসামি কাঠগড়ায় ছিলেন। পরে কোনও একসময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি আদালত থেকে বেরিয়ে যান।

আইনজীবী জানান, সাড়ে ১৫ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২০ সালে আব্দুর জলিলের বন্ধু আক্তার হোসেন মামলা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দীন ইসলামের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আব্দুর জলিলের হ্যান্ডরাইটিং সংক্রান্ত বিষয়ে ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ আদালতে রিভিশন করা হয়েছিল। সেটি নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য কয়েকদিন সময় চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেন। এরপর তিনি আদালত থেকে চলে যান।

দীন ইসলাম বলেন, পরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল কাদের ফোন করে তাকে জানান, তার আসামি আদালত থেকে চলে গেছেন এবং বিচারক তাকে ডেকেছেন। পরে কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি বিচারকের সঙ্গে দেখা করেন।

তার ভাষ্য, পরে আসামির সঙ্গে ফোনে কথা হলে আব্দুর জলিল জানান, সময়ের আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালত থেকে চলে গেছেন।

বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামির আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় বিচারক প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবীর বলেন, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ উদ্ধার; সাজা দেওয়া মামলার অন্যতম বিষয় হলেও অর্থ উদ্ধারের বিষয়টিই মুখ্য। এ কারণে এ ঘটনায় নতুন মামলা হবে না বলেও তিনি জানান।

মামলার নথি সম্পর্কে জানতে চাইলে আদালতের বেঞ্চ সহকারী মো. ইসমাইল বলেন, নথি বিচারকের কাছে রয়েছে। রবিবার আসতে হবে।

আসামিপক্ষের আইনজীবী দীন ইসলাম জানান, দুই বন্ধু ধামরাইয়ে একটি অ্যাগ্রো ফার্ম করার জন্য টাকা দিয়েছিলেন। পরবর্তী সময়ে ওই লেনদেনকে কেন্দ্র করেই মামলা হয়। তবে মামলায় সাড়ে ১৫ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগ করা হয়েছিল।

সম্প্রতি মো. শরিফুল ইসলাম নামে হত্যা মামলার আসামিকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শরীফুল এ নিয়ে দুইবার পালিয়েছে।