দেবহাটায় পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার, ৫ পিস ইয়াবা উদ্ধার
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সময়ে ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এএসআই হান্নান মিয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে আজিজপুর গ্রামের পাতনার বিলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাতনার বিলে জনৈক সোহাগের মাছের ঘেরের দক্ষিণ পাড়ে পাহারার টংঘর থেকে আমজাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪২) ও আসাদুল ইসলামের ছেলে আবু শামীম (২৫), কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের বাসিন্দা। সেখান থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা নং-০২ দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার এসআই সাহিদুল আলম।
অপরদিকে, পুলিশের আরেকটি অভিযানে এসআই জাকারিয়া শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাসের ওয়ারেন্টভুক্ত আসামি উত্তর পারুলিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন জনকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।












