পণ্যের সঠিক মান ও পরিমাপে ভোক্তার আস্থা অর্জন করতে হবে: বিভাগীয় কমিশনার
পত্রদূত ডেস্ক: খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের সঠিক মান ও ওজন নিশ্চিত করা জরুরি। সঠিক পরিমাপের মাধ্যমে বাজারে ভোক্তার আস্থা অর্জন করতে হবে, পাশাপাশি মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন হতে হবে।
বুধবার খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
খুলনা বিএসটিআইয়ের উপপরিচালক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা শাখার সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের উপপরিচালক (রসায়ন) এ বি এম রইসুল আলম।
সভায় বক্তারা সমাজের প্রতিটি স্তরে পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় ব্যবসায়ীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









