মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অনুত্তীর্ণ (ফেল) শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার। ২০২৫ সালের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন। বিপরীতে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৯ হাজার ৯২৮ জন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। অন্যদিকে ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। সে বছর উত্তীর্ণ হয়েছিল ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছিল প্রায় ৬ লাখ ৬৬০ জন।

হিসাব অনুযায়ী, এক বছরে পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন। কিন্তু অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্টো বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন।

এর প্রভাব পড়েছে সামগ্রিক পাসের হারেও। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

ফলাফলের শীর্ষ সূচকেও অবনমন দেখা গেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

এবারের পরীক্ষায় পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে পরীক্ষা।

Ads small one

শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়

গত ৮ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সেখানে তিনি জানান, কোনও অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী মিথ্যা তার নামে মিথ্যা ছড়াচ্ছে।

শাবনূরের ফেসবুক পোস্টের পরের দিনই গ্রেফতার হয়েছেন সালমান হত্যা মামলার আসামি অভিনেতা ডন। এ গ্রেফতারের মধ্য দিয়ে সালমান হত্যা মামলা নতুন মোড় নিয়েছে বলে অনেকে মন্তব্য করছেন।

ররিবার (৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে সালমানের মৃত্যু ঘিরে বিতর্ক চলছে। কেউ বলছেন তিনি আত্মহত্যা করেছেন, কারও দাবি তাকে হত্যা করা হয়েছে।

সালমানের মৃত্যুর সঙ্গে বিতর্কে জড়িয়ে আছে বরাবরই শাবনূরের নাম। সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী বলেছিলেন অভিনেত্রী ‘সালমান শাহকে শাবনূর ব্ল্যাকমেইল করতেন, এবং তার আত্মহত্যার জন্য শাবনূরকেই দায়ী করেছেন তিনি।’

এছাড়া বিভিন্ন সময় সালমানের মা নীলা চৌধুরীও ছেলের হত্যার জন্য শাবনূরকে দায়ী করেছেন। সালমান-শাবনূরের মধ্যে প্রেম ছিল সেটিও কেউ কেউ বলেন।

তবে এটি সব সময় অস্বীকার করেছেন শাবনূর। তিনি বলেন, ‘‘সালমান আমাকে বোনের মতোই দেখতো। আমি ভাই ছাড়া আর অন্য কোনও চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কী লাভ হয়েছে, আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি। তিল তিল করে গড়ে তুলেছি। কিছুসংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে।’’

এবার প্রয়াত অভিনেতার মা নিজেও বললেন শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল না।

নীলা চৌধুরী বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনও প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনও বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’

নীলা চৌধুরীর এই কথায় শাবনুরের ভক্তরা সহমত প্রকাশ করছেন। তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে যে গুজব ছিল সেটি মিথ্যে বলেই তারা দাবি করছেন।

এদিকে সালমানের ভক্তদের দাবি, অন্য আসামিদের গ্রেফতার করলেই অভিনেতার মৃত্যুর আসল সত্যটা বের হয়ে আসবে। তারা প্রিয় নায়কের হত্যার সুষ্ঠু বিচার চান বলেও জানান।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান।

ফের বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। তেজাবি স্বর্ণের দাম বাড়ায় অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা।

বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণালংকারের প্রতি গ্রামের ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৯ হাজার ২৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রৌপ্যালংকারের দামও। ২২ ক্যারেট হলমার্ক করা রৌপ্যালংকারের প্রতি গ্রাম ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিনিময় (এক্সচেঞ্জ) ও ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

‘ক্রাইম পেট্রল’-এ অজয় দেবগন!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
‘ক্রাইম পেট্রল’-এ অজয় দেবগন!

বিনোদন ডেস্ক: সিনেমার রুপালি পর্দায় সৎ ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। ‘সিংঘাম’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা এবার বাস্তব জীবনের অপরাধ ও পুলিশি অভিযানের গল্প নিয়ে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছেন। ভারতের তুমুল জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সিজনে মূল সঞ্চালক ও ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন সিজন সম্প্রচার শুরু হবে। এবারের সিজনে মূলত আধুনিক যুগের ডিজিটাল ও কৌশলগত অপরাধগুলোর ধরণ তুলে ধরা হবে। সময়ের সাথে সাথে অপরাধের জগত কতটা জটিল ও রূপান্তরিত হয়েছে, তা অজয় দেবগনের বলিষ্ঠ কণ্ঠ ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

নির্মাতারা জানান, সমাজে অপরাধ সচেতনতা তৈরিতে কাজ করে আসা এই অনুষ্ঠানটির জন্য অজয় দেবগনের বিকল্প ভাবা সম্ভব হয়নি। বড় পর্দায় তাঁর তৈরি হওয়া দায়িত্বশীল পুলিশি ভাবমূর্তি ও অপরাধবিষয়ক কাজের দীর্ঘ অভিজ্ঞতাই তাঁকে এই শো-এর জন্য সবচেয়ে উপযোগী করে তুলেছে।

ইতিমধ্যেই অনুষ্ঠানটির বেশ কয়েকটি প্রচারমূলক দৃশ্যের (প্রোমো) শুটিং শেষ করেছেন এই তারকা। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে টিভিতে প্রথম প্রোমোটি সম্প্রচার করা হবে। দীর্ঘ ক্যারিয়ারে এমন একটি জনপ্রিয় ও সামাজিক সচেতনতামূলক ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজয় দেবগন নিজেও।