পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো: শরিফুল
বাংলাদেশ সফরে আবারও দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে সেই দলটাই বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন শরিফুল ইসলাম। রবিবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শুনিয়েছেন তিনি।
শরিফুল বলেছেন, ‘আন্তর্জাতিক দলের কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে।’
তার পরেই শরিফুল আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’
প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে একাদশে সুযোগ পান শরিফুল। সেটা দারুণভাবে কাজেও লাগিয়েছেন। দুটি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ২.৭০ ইকোনমি রেটে বোলিং করে কিউইদের আটকাতে দারুণ ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার। অথচ ওই ম্যাচে শুরুতে তার খেলার কথা ছিল না।
শরিফুল জানান, টসের ঠিক আগ মুহূর্তে জানতে পারেন যে তাকে খেলতে হবে। ওয়ার্ম-আপের সময় হাঁটুতে অস্বস্তির কারণে মোস্তাফিজুর রহমান ছিটকে গেলে হঠাৎ করেই দলে ঢোকানো হয় তাকে, ‘টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয় আমি খেলছি। তখন আমি ড্রেসিংরুমে রিশাদ হোসেনের সঙ্গে কথা বলছিলাম। সে বললো, হয়তো এটা আমার ভাগ্যে ছিল। এরপর দ্রুত একটু ওয়ার্ম-আপ করে রান-আপ মেপে কয়েকটা বল করি।’
দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে কাল সোমবার। মিরপুরে একই সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ।











