পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি; খুলনার পাইকগাছায় প্রবাসীর বাড়িতে চাঁদা দাবি করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৪ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার ৩ নং লতা ইউনিয়নের পুটিমারি গ্রামের অরুন মন্ডলের কোরিয়া ফেরত পুত্র সুদীপ্ত মন্ডলের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, পুটিমারি গ্রামের মাহফুজ সানার পুত্র আবিদ সানা (২৩) ও গদারডঙ্গা গ্রামের নাসির সানার পুত্র শহিদ সানা(২৮)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুই যুবক মোটরসাইকেল যোগে হঠাৎ বাড়িতে এসে পিস্তলের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে চাঁদাবাজদের ধাওয়া করলে, চাঁদা বাজরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী সাথী মন্ডল থানায় লিখিত অভিযোগ করেন।
সংগৃহীত ভিডিও সূত্রে জানা যায়, ভিডিওতে দৃশ্যমান দুই যুবক ওই প্রবাসীর বাড়িতে উপস্থিত হন। এ সময় পরিবারের লোকজন মোবাইল নিয়ে ভিডিও করতে গেলে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল চাঁদা দাবির এই অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।












