পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পার রামনাথপুর গ্রামে ৫৬ টি ভুমিহীন পরিবারের প্রতি হামলা, জমি দখল, বাড়ি-ঘর ভাংচুর,-অগ্নি সংযোগ ও অতঃপর পাল্টা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ভুমিহীন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সভা, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপ প্রদান করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, আঞ্চলিক ভুমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল। বক্তৃতা করেন নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী, চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস, মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন।
গত ১০ মে বিকেল পার রামনাথপুর মৌজায় ৫৬টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী পুরুষদের উপর অমানবিক অত্যাচার করে। এব্যাপারে থানায় মামলা হলে খবর পেয়ে গভীর রাতে দুটি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। লুটপাট করে ঘেরের মাছ ও বাড়ীর জিনিসপত্র। পরেরদিন ভুমিহীনদের নামে থানায় একটি পাল্টা মামলা করে। এর প্রতিবাদে সোমবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন।












