পাটকেলঘাটায় অনিয়মের আখড়া ‘স্বাগতা ক্লিনিক’, ঝুঁকিতে রোগীরা
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’-এ সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে। ক্লিনিকটিতে নিবন্ধিত কোনো ডিগ্রিধারী প্যাথলজিস্ট ও প্রশিক্ষিত ডিপ্লোমা নার্স নেই। এমনকি পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার রিপোর্ট তৈরির মতো স্পর্শকাতর কাজ করছেন ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার ম-ল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী, ১০ শয্যার ক্লিনিকে কমপক্ষে ৩ জন মেডিকেল অফিসার ও ৬ জন নিবন্ধিত ডিপ্লোমা নার্স থাকা বাধ্যতামূলক। অথচ ক্লিনিকটিতে একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক সেবা দিলেও তাঁকে সহায়তা করছেন ডিপ্লোমা বিহীন নার্সরা। এ ছাড়া অনুমোদহীন প্যাথলজিতে অভিজ্ঞ প্যাথলজিস্ট ছাড়াই চলছে রোগ নির্ণয়ের কাজ। পাশাপাশি চিকিৎসা শেষে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বজনদের হয়রানি করার অভিযোগ রয়েছে।
লাইসেন্সের বিষয়ে স্বাগতা ক্লিনিকের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. মধুসূদন ম-ল স্বীকার করেন, ২০১৯ সালের পর নারকোটিকসের অনুমোদন না পাওয়ায় লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি। খুব দ্রুত ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে উক্ত ক্লিনিকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।












