প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা ফুটবল মাঠে শুক্রবার (৩ জুলাই) বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে বল বিতরণের মাধ্যমে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য হাজ্জাজ বিন সুলাইমান, সাবেক ইউপি সদস্য মুন্না, রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি জোরদার, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।









