বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রী
বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বন্যা-বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে।
প্রশাসনের ভুল সিদ্ধান্তে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়া হবে জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ নম্বর পাবে শিক্ষার্থীরা।
এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ৩টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
এদিকে, সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন তারা।












