বেহাল আলিপুর-মাদারতলা সড়ক: জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবিতে এমপির দ্বারস্থ এলাকাবাসী
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ‘আলিপুর-মাদারতলা সড়কটি’ এখন যেন জনদুর্ভোগের অন্য নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বহু পুরনো এই ইটের সোলিং রাস্তাটি এখন খানাখন্দকে একাকার। দেখে বোঝার উপায় নেই এটি একটি ব্যস্ত সড়ক নাকি কোনো পরিত্যক্ত পথ।
এই রাস্তার বেহাল দশায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ ও মৎস্য ব্যবসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অধিকাংশ স্থানের ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় মালামাল পরিবহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে রর এই সড়কটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং স্থানীয় অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র।
রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য মৎস্য খামার। প্রতিদিন কয়েকশ মাছের ভ্যান ও ছোট-বড় পরিবহন এই রাস্তা দিয়ে আলিপুর মৎস্য সেটে যাতায়াত করে। রাস্তার এমন জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিনিয়ত ভ্যান উল্টে মাছ নষ্ট হচ্ছে এবং যানবাহন বিকল হয়ে পড়ছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় যুব উদ্যোক্তারা।
এলাকার মানুষের এই নিদারুণ কষ্ট দেখে এগিয়ে এসেছেন আলিপুরের কৃতি সন্তান ও ঢাকা প্রবাসী অবসরপ্রাপ্ত অধ্যাপক এম. এ. ওয়াহাব।
তিনি এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বরাবর রাস্তাটি নতুন করে নির্মাণের জন্য একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে রাস্তার ধারের মৎস্য খামারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যাতায়াত ব্যবস্থার কারণে এই খাতটি হুমকির মুখে।
বৃহত্তর জনস্বার্থে সড়কটির আইডি নম্বর (২৬৭৬ ২৫ ০০৮) উল্লেখ করে দ্রুত পাকাকরণের জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তার স্বপ্ন দেখছেন।
এলাকাবাসীর দাবি, বর্তমান সরকার যখন দেশজুড়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করছে, তখন আলিপুরের এই গুরুত্বপূর্ণ সড়কটি কেন অবহেলিত থাকবে? তারা অবিলম্বে সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শুরু হয়।











