মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা সাতক্ষীরার প্রধান একটি সড়কের নামকরণ শাহজাহান মাস্টারের নামে করার দাবি জানান।
সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মরহুমের সহধর্মিণী রাবেয়া শাহজাহান, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী ও সদস্যসচিব আব্দুল হামিদ।
এছাড়া ‘দক্ষিণের মশাল’ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, সিপিবি সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, পুত্র শাহিন মোকলেছুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় অনন্য নাম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার। তৎকালীন পূর্ব পাকিস্তানের সাতক্ষীরা মহকুমার মুজাহিদ ক্যাপ্টেন এবং টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৯৭১ সালের ৭ই মার্চের পর থেকেই তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে শুরু করেন। তাঁর নেতৃত্বে ও দূরদর্শিতায় এই অঞ্চল দ্রুত পাকবাহিনী মুক্ত হয়েছিল।
বক্তারা আফসোস প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান এই সংগঠককে স্থানীয়ভাবে ভুলতে শুরু করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁকে বাদ দিয়ে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। আলোচনা সভা শেষে বাদ জোহর মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কবর জিয়ারত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।





