মেয়াদ শেষেও যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি
যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’
এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।
ভিজিটর ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।






