যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি: ‘প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সহসভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মো. সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ, সাইফুল ইসলাম আঙ্গুর এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মো. আল-আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ছয় বছর ধরে দেশে বিকাশমান গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। সংবর্ধনা ও আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।









