বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত রয়েছে। এর আগে সংসদের বিরোধী দল বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয় এবং জোট নেতারা আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১৮ আগস্ট

ভোটগ্রহণ: আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।

Ads small one

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যার পর অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে রাতেই তার মরদেহ দেবহাটা উপজেলার বহেরা গ্রামের পৈতৃক বাসভবনে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বহেরা বাজারে মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার জামাত আলীসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই (সশস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারকে গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার বহেরা গ্রামের মৃত শামসুল হক সর্দারের ছেলে। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

কেশবপুর এইচএসসি পরীক্ষার্থী আরাফাত সড়ক দুর্ঘটনায় নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
কেশবপুর এইচএসসি পরীক্ষার্থী আরাফাত সড়ক দুর্ঘটনায় নিহত

এম এ রহমান, কেশবপুর (যশোর): কেশবপুর ইসলামী ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার রুস্তম আলী খান-এর বড় পুত্র মোঃ আরাফাত হোসেন (১৮) বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, আরাফাত হোসেন এইচএসসি প্রাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল ৯ টার দিকে মোটরসাইকেলযোগে কেশবপুরে যাচ্ছিল। শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, থানাতে রোড এক্সিডেন্ট মামলার প্রস্তুতি চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক

পত্রদূত ডেস্ক: বুধবার ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কুশখালি, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ইয়াবা আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বালুর মাঠ হতে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ইয়াবা আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার পাকার মোড় হতে ৭ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

 

কুশখালী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বাঘমারা হতে ২ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ৬ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ৩ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে সাতক্ষীরা সদর থানার ঢালিপাড়া হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২৫ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।