শার্শায় দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষক পলাতক
oppo_0
বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় এক মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার (২০ মে) উপজেলার সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রধান শিক্ষক মোমিনুলের বিরুদ্ধে এই অনৈতিক কর্মকা-ের বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক মোমিনুল পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার প্রধান শিক্ষক মোমিনুল দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার (১৮ মে) তিনি অষ্টম শ্রেণির এক ছাত্রীর ভাড়া বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে শিক্ষক মোমিনুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি বাসার মালিককে জানায়।
অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী কিছু নেতা তৎপরতা চালাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক যৌন হয়রানি করলেও সামাজিক মর্যাদার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি।
জনৈক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিরাপদ মনে করেই আমরা সন্তানদের মাদ্রাসায় পাঠাই। কিন্তু প্রধান শিক্ষকের এমন অনৈতিক আচরণে আমরা স্তম্ভিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যমকর্মীরা তাঁর বাসায় গেলে কোনো সহযোগিতা পাওয়া যায়নি, উল্টো তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ চারজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।
জানতে চাইলে সামটা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক মাওলানা বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত মামলা করা হয়নি। মামলা দায়ের করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






