বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শুধু কেনাকাটা নয়, গুড়পুকুর মেলা মানুষের মিলনেরও উপলক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
শুধু কেনাকাটা নয়, গুড়পুকুর মেলা মানুষের মিলনেরও উপলক্ষ

মিলন বিশ্বাস: সন্তানকে নিয়ে মেলায় ঘুরছেন বাবা-মা, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন তরুণেরা, আবার বহুদিন পর পরিচিতজনের সঙ্গে দেখা হওয়ায় গল্পে মেতেছেন কেউ কেউ। কারও কাছে মেলা কেনাকাটার আনন্দ, কারও কাছে শৈশবের স্মৃতি, আবার কারও কাছে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উপলক্ষ। এমন নানা অনুভূতির সমন্বয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে সাতক্ষীরার ঐতিহাসিক গুড়পুকুর মেলা।

প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই মেলা দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গত ১ অক্টোবর শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে শুরু হয়। জেলা প্রশাসক কাওসার আজিজ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। ২০ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনের পর থেকেই মেলাকে ঘিরে সাতক্ষীরার মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

মেলার প্রাঙ্গণে রয়েছে নানা ধরনের পণ্যের দোকান। পোশাক, প্রসাধনী, কাশ্মীরি চুড়ি, মেলামাইন, ক্রোকারিজসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। শিশুদের বিনোদনের আয়োজন, মুখর পরিবেশ এবং বাহারি পণ্যের সমাহার মেলায় যোগ করেছে বাড়তি আকর্ষণ।

তবে গুড়পুকুর মেলার বিশেষত্ব কেবল এসব আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে একই সঙ্গে দেখা মেলে কয়েক প্রজন্মের মানুষের। প্রবীণদের কাছে মেলা পুরোনো দিনের স্মৃতি ফিরে পাওয়ার জায়গা, আর নতুন প্রজন্মের কাছে এটি ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসেন, ঘুরে দেখেন বিভিন্ন দোকান, পছন্দের জিনিস কেনেন এবং একসঙ্গে আনন্দময় সময় কাটান।

দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়া, আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া কিংবা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানো এসব ছোট ছোট মুহূর্ত মেলাকে মানুষের কাছে আরও আপন করে তোলে। ব্যস্তজীবনে যেখানে একসঙ্গে সময় কাটানোর সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে, সেখানে এমন আয়োজন মানুষের সামাজিক সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে।

মেলাকে ঘিরে তৈরি হয়েছে ব্যবসা-বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এখানে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। কারও বেচাকেনা ভালো হচ্ছে, কারও আবার প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। দোকান পরিচালনা ও অন্যান্য খরচ সামলে ব্যবসায়ীরা মেলার বাকি দিনগুলোতে আরও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন। তাঁদের অংশগ্রহণ মেলার অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরে।

দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুরুতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চললেও পরে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়। পাশাপাশি সকাল ৯টা থেকে মেলা চালুর ব্যবস্থাও করা হয়েছে। এতে কর্মব্যস্ত মানুষের সন্ধ্যার পর মেলায় আসা ও কেনাকাটার সুযোগ বেড়েছে।

মেলার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মেলাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশি টহল, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং পর্যবেক্ষণ টাওয়ারের ব্যবস্থা রয়েছে। মেলায় শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ডাস্টবিন স্থাপন ও বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজনের পরিসর ও ধরনে সময়ের সঙ্গে পরিবর্তন এলেও গুড়পুকুর মেলার প্রতি মানুষের আগ্রহের মূল জায়গাটি রয়ে গেছে। এখানে মানুষ শুধু পণ্য কিনতে আসেন না; আসেন পরিচিত পরিবেশে কিছুটা সময় কাটাতে, পুরোনো স্মৃতি ফিরে পেতে এবং পরিবারের ছোটদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে।
সব মিলিয়ে সাতক্ষীরার গুড়পুকুর মেলা ঐতিহ্য, বিনোদন, ব্যবসা ও সামাজিক যোগাযোগের এক সম্মিলিত আয়োজন। মেলার বাকি দিনগুলোতেও পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা ও দর্শনার্থীবান্ধব ব্যবস্থাপনা বজায় থাকলে এই আয়োজন মানুষের কাছে আরও আনন্দময় হয়ে উঠবে। তিন শতাব্দীর ঐতিহ্য ধারণ করা গুড়পুকুর মেলা এভাবেই কেনাকাটার গন্ডি ছাড়িয়ে সাতক্ষীরার মানুষের মিলন ও সম্প্রীতির একটি পরিচিত উপলক্ষ হয়ে রয়েছে।

Ads small one

বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে মাঠের আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভাঙার অপরাধে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার আচরণবিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টে এ ঘটনা ঘটে। যেখানে আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন জাজাই। যা মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।

ম্যাচে দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে মাঠের আম্পায়াররা তাকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারে মাঠের আম্পায়ারদের অনুমতি ছাড়াই আবারও মাঠে প্রবেশ করেন জাজাই।

জাজাই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচরেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই ছিল তার প্রথম অপরাধ।

মাঠের আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।

 

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের আটটি লাগেজ খোয়া গেছে। লাগেজগুলোতে খেলোয়াড়দের পাসপোর্ট, মূল্যবান আইফোন, মার্কিন ডলার, নগদ টাকা ও ক্রীড়াসামগ্রী ছিল।

এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহেরাব হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খোয়া যাওয়া লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত লাগেজগুলোর সন্ধান পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‌‘লাগেজ খোয়া যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি নাটোর অথবা রাজশাহী জেলার মহাসড়ক এলাকার মধ্যে ঘটেছে। দুই জেলার পুলিশ যৌথভাবে কাজ করছে। রাজপাড়া থানা থেকে প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত খোয়া যাওয়া লাগেজ উদ্ধার করা সম্ভব হয়নি।’

পুলিশ ও ক্রিকেটারদের দেওয়া তথ্যমতে, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন দলের সদস্যরা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বিসিবির একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন চালক সজীব হোসেন। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে।

অভিযোগের তথ্য অনুযায়ী, ক্রিকেটার মেহেরাব হোসেনের লাগেজে ছিল পাসপোর্ট, আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি পারফিউম ও ব্যবহৃত পোশাক। ক্রিকেটার আব্দুল কাদেরের লাগেজে ছিল প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট, দুই জোড়া জুতা ও পোশাক। মোহর শেখ অন্তরের লাগেজে ছিল প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি জেবিএল স্পিকার ও পোশাক। ক্রিকেটার মো. ওয়ালিদের লাগেজে ছিল ব্যক্তিগত পোশাক। এ ছাড়া দলের যৌথ চারটি লাগেজে খেলোয়াড়দের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সামগ্রী ছিল।

অভিযোগ পাওয়ার পর কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চালক পুলিশকে জানান, মঙ্গলবার রাতে রাজশাহী আসার পথে হাটিকুমরুল-বনপাড়া বাইপাসের একটি হোটেলে গাড়ি থামিয়ে রাতের খাবার খান তিনি। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুঠিয়ার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে দেখতে পান, কাভার্ডভ্যানের পেছনের পাল্লা খোলা। তখন তিনি দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। পরে হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে।

লাগেজ খোয়া যাওয়ায় উদ্বেগে রয়েছেন দলের ক্রিকেটাররা। আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাসপোর্ট, ব্যক্তিগত মালামাল ও ক্রীড়াসামগ্রী হারিয়ে তারা বিপাকে পড়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেটার মেহেরাব হোসেন কোনও মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা অত্যন্ত বিব্রত ও মর্মাহত। অভিযোগ দেওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে। খোয়া যাওয়া লাগেজ দ্রুত উদ্ধারে দুই জেলার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে আমরা জেনেছি।’

নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনও হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একই সঙ্গে তেহরান ও তার সহযোগীদের বিরুদ্ধে ইসরায়েলে আঘাত না হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে কোনও সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেনি।

বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আগাম হামলার সম্ভাবনা এবং নির্বাচনের আগে সামরিক সংঘাত সৃষ্টির বিষয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, এটি আমাদের জন্য সুবিধাজনক নয়, এটি মোটেও ভালো কিছু নয়।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, এমনকি ইরান আমাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তারা আমার ওপরই দোষ চাপাবে।

তবে ইরানি হামলার ক্ষেত্রে ইসরায়েল যে কঠোর জবাব দেবে, তা ফের পুনর্ব্যক্ত করেন তিনি। নির্বাচনের পরে আগাম হামলার সম্ভাবনা কিংবা ওয়াশিংটনের সঙ্গে ইরান সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হয়, যার জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়।

সৌদি আরবে ইরান সমর্থিত হুথিদের হামলায় ইসরায়েল কোনও সহায়তা করছে কিনা, এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি, আমাদের বিশাল সাফল্য ও অসাধারণ অর্জনের পর মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন আমাদের দিকে হাত বাড়াচ্ছে।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়াসহ সৌদি আরবে হামলা বেড়েছে। নেতানিয়াহু জানান, ইরানের সহযোগীরা নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালানোর সুযোগ খুঁজছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহকে হুঁশিয়ার করে বলেছেন, হিজবুল্লাহ মারাত্মক আঘাতের মুখে পড়বে এবং দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও লিতানি অঞ্চলের অতিরিক্ত ভূখণ্ড হারাবে, যা ইসরায়েলের স্থায়ী সুরক্ষা অঞ্চলের অংশ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, দশ লাখ শিয়া বাস্তুচ্যুত হবে এবং বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিও রেহাই পাবে না।

সূত্র: উইয়ন নিউজ