মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। ২০২৬-২৭ অর্থবছরের শুরুর দিন ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।

এর আগে সোমবার করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে করছাড়ের ৬৪টি সংশোধনীসহ অর্থবিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়।

গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মাধ্যমে জাতীয় বাজেট উপস্থাপন করেছিল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটকে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা হিসেবে আখ্যায়িত করেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরের মূল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার প্রায় ১৯ শতাংশ বেশি।

বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমান। একই সঙ্গে বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ।

অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে অর্থমন্ত্রী ‘থ্রিআর কৌশল’ ঘোষণা করেন। এ কৌশলের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ‘রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন’, ‘রিস্টোরেশন’ এবং ‘রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন’—এই তিন ধাপে এক থেকে পাঁচ বছরের মধ্যে কৌশলটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেট বাস্তবায়নের জন্য মঙ্গলবার অর্থমন্ত্রী সরকারি ব্যয়ের অনুমোদন চেয়ে ২০২৬ সালের নির্দিষ্টকরণ বিল সংসদে উত্থাপন করেন। এতে ১৫ লাখ ১৫ হাজার ৪৩৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। পরে কণ্ঠভোটে ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’ বিলটি পাস হয়।

এর আগে জাতীয় সংসদ ‘অর্থবিল, ২০২৬’ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ পাস করে। সংশোধনীগুলোর মধ্যে করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বিলুপ্ত করার বিধান উল্লেখযোগ্য।

নির্দিষ্টকরণ বিল পাসের আগে সংশ্লিষ্ট মন্ত্রীরা উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে ৫৯টি মঞ্জুরি দাবির আওতায় নিজ নিজ মন্ত্রণালয়ের ব্যয়ের যৌক্তিকতা সংসদে উপস্থাপন করেন।

অপরদিকে, বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে ১ হাজার ৩৪৩টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে দেয় জাতীয় সংসদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্বতন্ত্র সদস্যসহ মোট ৪৩ জন সংসদ সদস্য ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে আলোচনায় অংশ নেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অনুরোধে স্পিকার গিলোটিন পদ্ধতি প্রয়োগ করে অবশিষ্ট মঞ্জুরি দাবিগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই একযোগে কণ্ঠভোটে অনুমোদন করেন।

নির্দিষ্টকরণ বিল পাসের সময় বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন। বিলটি গৃহীত হওয়ার বিষয়ে তারা কোনও আপত্তি জানাননি।

Ads small one

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার মালামাল ও ৩১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ও ৩০ জুন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার-৩ থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলমোড় এলাকায় তল্লাশি চালায়। এ সময় বিজিবির ডগ স্কোয়াডের ‘লিজা’ নামের কুকুরের সহায়তায় সন্দেহভাজন সুজন গাজী (২১) নামের এক যুবকের শরীর তল্লাশি করে ৩১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সুজন সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া গ্রামের মিলন গাজীর ছেলে।

এছাড়া পৃথক অভিযানে বৈকারী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার, মাদরা সীমান্ত থেকে ১ লাখ ৫ হাজার টাকার এবং কালিয়ানী সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের মোট মূল্য ২ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

 

 

 

 

আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (সহায়ক উপকরণ) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই উপকরণ বিতরণ করা হয়।

পিইডিপি-৪ (চঊউচ-৪) প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ২ জনকে ক্রাচ, ৩ জনকে চশমা এবং ৩ জনকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, ঝংকার ঢালী, আশেকুজ্জামান, নয়ন কুমার সাহা ও সোহাগ আলমসহ শিক্ষা অফিসের কর্মচারীবৃন্দ।

 

 

দেবহাটায় লটারির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ঠিকাদার নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
দেবহাটায় লটারির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন ঠিকাদার নির্বাচন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য আবাসনের ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

 

২০২৫-২০২৬ অর্থবছরের ৩য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের এই আবাসন প্রকল্পের কাজ বরাদ্দ দিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে প্রকাশ্য লটারির আয়োজন করা হয়। লটারিতে প্রথম স্থান অর্জন করে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ। এছাড়া দ্বিতীয় মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ এবং তৃতীয় স্থান অর্জন করে মেসার্স অহন এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী ওমর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্যা ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ বীর মুক্তিযোদ্ধাগণ।