সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাট জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত
অনলাইন ডেস্ক: সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২২ মে) আবহাওয়ার নিয়মিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।









