সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৮ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ জুলাই (বৃহস্পতিবার) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সদর ও এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মুঠোফোনের যন্ত্রাংশ এবং বাংলাদেশি বাগদা চিংড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুর বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর থানার বেলতলা এলাকা থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের যন্ত্রাংশ আটক করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির সদস্যরা চান্দামাঠ এলাকা থেকে ৩ লাখ ২৯ হাজার ১০০ টাকার ভারতীয় মুঠোফোনের যন্ত্রাংশ জব্দ করেন। এ ছাড়া চান্দুরিয়া বিওপির আভিযানিক দল কলারোয়া থানার কাঁদপুর এলাকা থেকে ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
সীমান্তবর্তী এলাকার পাশাপাশি বিজিবি সদর দপ্তরের একটি বিশেষ দল জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড বাজারে অভিযান চালায়। সেখান থেকে নিয়মবহির্ভূতভাবে পরিবহন করা ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বাংলাদেশি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের মোট মূল্য ১৮ লাখ ৫১ হাজার ১০০ টাকা।





