শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’

প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় আবেগঘন কণ্ঠে একজন সন্তান হিসেবে মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।’

 

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

 

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দু’টি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে— যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।

 

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

Ads small one

টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলোঅগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ওই দিন দুই বোন পিহু কুমাবত ও দিব্যাংশী বাড়িতে একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ অবস্থায় ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরে দিব্যাংশী।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’ দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় প্রথমবার মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে।
২০২৪ সালের শেষে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য ছবির মুক্তির সূচির কারণে এতদিন আটকে ছিল এটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

বিদেশনির্ভর প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একক মা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে, যিনি একাই নিজের মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো থাকলেও হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় বদলে যায় দুজনের জীবন এবং সামনে আসে অতীতের নানা সত্য। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে; বয়ঃসন্ধিকালে থাকা এক মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াই ফুটে উঠবে ছবিতে।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়ার পর বড় পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।