মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দেন।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছেন। নতুন পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত টাকা এককভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে, সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর এটি নিশ্চিত যে, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে।

নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা ১:৯.০৭৬। এর আগের বেতনকাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো।

এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।

গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।

গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।

গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।

গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।

গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।

গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।

গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।

গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।

গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।

গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।

গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।

গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।

গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।

গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।

গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।

গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।

গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।

গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।

গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।

Ads small one

কয়রায় সাংবাদিককে হত্যার হুমকি, সাংবাদিকদের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
কয়রায় সাংবাদিককে হত্যার হুমকি, সাংবাদিকদের নিন্দা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে দৈনিক পত্রদূতের কয়রা প্রতিনিধি জি এম রিয়াজুল আকবরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মো. হাফিজুর রহমান মন্টু ও মো. লতিফুর রহমান লাল্টু নামের দুই ব্যক্তি এই হুমকি দেন বলে জানা গেছে।
সাংবাদিককে দেওয়া এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সাংবাদিকেরা। তাঁরা অবিলম্বে হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদারসহ অন্য সদস্যরা এ ঘটনার প্রতিবাদ জানান। পৃথক বিবৃতিতে অন্যান্য স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারাও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

জাতীয় যুবনীতি হালনাগাদে খুলনায় তরুণদের মতামত গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
জাতীয় যুবনীতি হালনাগাদে খুলনায় তরুণদের মতামত গ্রহণ

সংবাদদাতা: জাতীয় যুবনীতি ২০১৭ হালনাগাদ করে সময়োপযোগী, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নীতি প্রণয়নের লক্ষ্যে তরুণদের সরাসরি মতামত নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় পরামর্শ কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা এবং উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) খুলনার নূরনগরে বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন কৃষি বিপণন ভবনে দিনব্যাপী এই বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
নতুন নীতি প্রণয়ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সচিব ড. আবুল হোসেন। এতে আরও অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম আক্তার, খুলনার উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান এবং ভিএসও বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অনুপ গুন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল হোসেন বলেন, দেশ গড়ার মূল কারিগর তরুণ সমাজ। দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীই যুবসমাজ। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট ও জলবায়ু সংকটের মতো বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের চাহিদাকেই নতুন জাতীয় যুবনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হচ্ছে।
কর্মশালায় বক্তারা পরিবেশবান্ধব দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, নতুন উদ্যোক্তা তৈরি, মানসিক স্বাস্থ্য, ডিজিটাল সক্ষমতা, সামাজিক সুরক্ষা এবং উপকূলীয় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার বিষয়গুলোকে নতুন নীতিতে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন।
কর্মশালায় উপস্থিত তরুণরা দলীয় আলোচনা ও মুক্ত মতবিনিময়ের মাধ্যমে তাঁদের নানা প্রস্তাবনা নীতি-নির্ধারকদের সামনে তুলে ধরেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার দপ্তরপ্রধান এবং বেসরকারি খাতের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম আক্তার জানান, দেশের আটটি বিভাগ থেকে প্রাপ্ত সুপারিশগুলো জাতীয় পর্যায়ে সমন্বয় করে একটি আধুনিক ও টেকসই জাতীয় যুবনীতি প্রণয়ন করা হবে।

চেয়ারম্যানের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
চেয়ারম্যানের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা-তালতলা ও কৈখালীসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শৈলকুর বিলের পানি অপসারণের কাজ শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের দিকনির্দেশনা ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে বিভিন্ন মৎস্যঘেরের মালিকেরা পানি চলাচলের পথ উন্মুক্ত করছেন।
এর আগে জলাবদ্ধতার কারণে প্রায় ১০ হাজার বাসিন্দার দুর্ভোগ দেখে ইউপি চেয়ারম্যান গত ২৬ জুলাই বিকেলে মাগুরা পূর্বপাড়া জামে মসজিদের সামনে মৎস্যঘেরের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলোচনা সভা করেন। সেখান থেকে পানি নিষ্কাশনের স্বার্থে ঘেরমালিকদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। পরদিন ২৭ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করে ঘেরমালিকদের পুনরায় সতর্ক করা হয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শৈলকুর বিলের পানি বের করতে বিভিন্ন মৎস্যঘেরের মালিকেরা শ্রমিক নিয়োগ করে পাইপ বসানো ও নেট-পাটা সরিয়ে পানি চলাচলের পথ তৈরি করছেন। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ঘেরে এ ধরনের কোনো কার্যক্রম চোখে পড়েনি।
স্থানীয় বাসিন্দারা জানান, শৈলকুর বিলের ঘেরগুলোর বেড়িবাঁধ উন্মুক্ত করে দিলে কাটিয়া কাস্টমস গোডাউন মোড়সংলগ্ন স্টাফ কোয়ার্টার, মিলবাজার আবহাওয়া অফিস, মিলগেট, মাগুরা কর্মকারপাড়া, দাসপাড়া, কৈখালী মাদ্রাসা মোড় ও তালতলাসহ বিস্তীর্ণ এলাকার জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন হবে। এই বিলের কাটাখাল দিয়ে পানি সরাসরি বেতনা নদীতে গিয়ে পড়বে।
কামরুজ্জামান নামের এক মৎস্যঘের ব্যবসায়ী জানান, জলাবদ্ধতা দূর করতে দ্রুত বাঁধ কেটে ও পাইপ বসিয়ে পানি বের করে দেওয়ার জোর তাগিদ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বেশ কিছু ঘেরের আইল কেটে পথ তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হলে দ্রুত এলাকার পানি নেমে যাবে।
এ বিষয়ে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম স্পষ্ট জানান, পানি আটকে রেখে ঘের পরিচালনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হলে হাজার হাজার মানুষ ও গবাদিপশু জলজট থেকে রক্ষা পাবে।