১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার
চলতি মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ০৭ লাখ ডলার রেমিট্যান্স।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।









