৩৭ হাজার কোটি টাকার মহারণে মুখোমুখি ফ্রান্স-স্পেন
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সেমিফাইনাল হিসেবে আলোচনায় এসেছে। দুই দলের সম্মিলিত বাজারমূল্য তিনশ কোটি ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের খেলোয়াড়দের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, আর স্পেনের প্রায় ১৪৩ কোটি ডলার। অর্থাৎ দুই দলের মধ্যে প্রায় ৩৫ কোটি ডলারের ব্যবধান রয়েছে।
সবচেয়ে মূল্যবান খেলোয়াড় স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার বাজারমূল্য প্রায় ২৩ দশমিক ৪ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার মূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া মাইকেল অলিসে ও পেদ্রির বাজারমূল্যও প্রায় ১৭ দশমিক ৫ কোটি ডলার করে।
পজিশনভিত্তিক তুলনায় গোলরক্ষকদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তবে রক্ষণভাগ ও আক্রমণভাগে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে ফ্রান্স। বিশেষ করে ফরাসি আক্রমণভাগের সম্মিলিত মূল্য প্রায় ৮৮ কোটি ডলার, যা স্পেনের আক্রমণভাগের তুলনায় অনেক বেশি। অন্যদিকে মাঝমাঠে শক্তির দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। যে দলই জিতুক তারা পৌঁছে যাবে বিশ্বকাপের ফাইনালে। তাই কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান এই সেমিফাইনালের দিকে।
ফুটবল বিশ্লেষকদের মতে, বাজারমূল্য ম্যাচের ফল নির্ধারণ করে না। তবে দুই দলের স্কোয়াডের গভীরতা, তারকাদের উপস্থিতি এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই। একদিকে এমবাপ্পের গতিময় আক্রমণ, অন্যদিকে ইয়ামালের সৃজনশীলতা ও স্পেনের নিয়ন্ত্রিত পাসিং ফুটবল—সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে শ্বাসরুদ্ধকর এক মহারণ।



